
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিপাড়ার পারফেকশনিস্ট আমির খান। আজ, ৫ জুলাই, রবিবার প্রেমিকা গৌরী স্প্রাটের সঙ্গে বিয়ে সারবেন আমির। ৬১ বছরের অভিনেতার এই তৃতীয় বিয়ে ঘিরে বলিউডে চর্চা তুঙ্গে। আজকে আইনি বিয়ের মাধ্যমে আমির ও গৌরী সারাজীবনের মতো একে-অপরের সঙ্গে জুড়ে যাবেন। আমিরের বিয়ে বলে কথা আর তার সেই তোড়জোড় চলছে এক-দুদিন আগে থেকেই। আসুন জেনে নিই কী কী হচ্ছে আমির ও গৌরীর বিয়ে ঘিরে।
আমিরের বিয়েতে যোগ দেবেন প্রাক্তন স্ত্রীরা?
শোনা যাচ্ছে, আমির খানের তৃতীয় বিয়েতে তাঁর দুই প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও রীনা দত্ত উপস্থিত থাকতে পারেন। আমিরের হবু স্ত্রী গৌরীর সঙ্গে রিনা ও কিরণের সম্পর্ক ভাল। গৌরীকে আমিরের দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা গিয়েছে।
বিয়ের বিশেষ মেনু
আমির ও গৌরীর বিয়েতে খাওয়া-দাওয়াও একেবারে ছিমছাম। তাঁদের পছন্দের সব খাবারই মেনুতে রাখা হয়েছে। আইনি বিয়ের পর মধ্যাহ্নভোজে আমন্ত্রিত থাকবেন অতিথিরা।
কতজন অতিথি?
গৌরী ও আমির দু’জনেই সাধারণ ভাবে থাকতে ভালবাসেন। তাই তাঁদের বিয়েও হবে ছিমছাম ভাবে। একেবারে ঘরোয়া আয়োজন। তাও উপস্থিত থাকবেন প্রায় ১৫০ জন অতিথি। থাকছেন ইন্ডাস্ট্রির বেশ কিছু আমির-ঘনিষ্ঠ প্রযোজক ও পরিচালক।
থাকবে আমিরের তিন সন্তান
আমির ও গৌরীর বিয়ের অনুষ্ঠানে অভিনেতার ৩ সন্তানও থাকবে। উপস্থিত থাকবেন গৌরীর আগের পক্ষের ছেলে।
সাজানো হয়েছে আমিরের বাড়ি
মুম্বইয়ে এখন ভরা বর্ষা। একটানা বৃষ্টিতে জলমগ্ন গোটা মুম্বই। এর মাঝেই আমিরের বাড়ি আলো দিয়ে সাজানো হচ্ছে। নীচে বাঁধা হয়েছে প্যান্ডেল।
আমির-গৌরীর প্রেম
গত বছর নিজের ৬০তম জন্মদিনে আমির খান গৌরীর সঙ্গে তাঁর সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সে সময় আমির জানান যে, তিনি ও গৌরী একে অপরকে ২৫ বছর ধরে চিনতেন, কিন্তু এরপর দুজনেই নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়েন। প্রায় দেড়-দুই বছর আগে তাঁদের আবার যোগাযোগ হয় এবং তাঁরা কথা বলতে শুরু করেন। ধীরে ধীরে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে এবং বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। গৌরী আমিরের জীবনে প্রেম নিয়ে আসেন এবং এরপর তাঁরা বিয়ে করে এক হওয়ার সিদ্ধান্ত নেন।
কে এই গৌরী স্প্র্যাট
জানা গিয়েছে, গৌরীর মা তামিল এবং বাবা আইরিশ। তাঁর দাদা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। গৌরী অত্যন্ত শিক্ষিত; তিনি লন্ডনের ইউনিভার্সিটি অফ দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং এবং ফটোগ্রাফিতে এফডিএ ডিগ্রি অর্জন করেছেন।
আমিরের আগের দুটো বিয়ে
১৯৮৬ সালে রিনার সঙ্গে বিয়ে হয় আমিরের। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ ঘোষণা করেন। তারকার ভক্তদের চমকে দেয় এই খবর। প্রায় ১৬ বছরের বিবাহিত জীবন শেষ হলেও, দু’জনেই পরবর্তী সময়ে সন্তানদের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। এখনও পরিবারের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। ২০০৫ সালের ডিসেম্বর মাসে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আমির বিয়ে করেছিলেন কিরণকে। একসময়ে তাঁরা বিভিন্ন অনুষ্ঠান ও সাক্ষাৎকারে একসঙ্গে উপস্থিত হতেন। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তাঁদের সম্পর্ককে বলিউডের অন্যতম সৃজনশীল জুটি হিসাবে দেখা হত। তবে সেই সম্পর্কেও দাঁড়ি টানেন অভিনেতা। এ বার আমির নিজের জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন।