
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকসনিস্ট আমির খান। দুটো বিয়ের পর তৃতীয় বিয়ে করতে একেবারে প্রস্তুত অভিনেতা। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়বেন তিনি। আমির ও গৌরী বেশ কিছুমাস ধরেই একে-অপরকে ডেট করছেন বলে শোনা যাচ্ছিল। এবার এই জুটি বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। আমির ও গৌরী কবে বিয়ে করছেন, সেই তারিখও সামনে এসে গিয়েছে।
আমির ও গৌরীর মধ্যেকার সম্পর্ক এবার একধাপ এগিয়ে বিয়ের দিকে নিয়ে যাওয়ার সময় এসে গিয়েছে। একে-অপরের সম্মতিতেই এই বিয়ে সারবেন তাঁরা। যার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। আমির খানের পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে আমির ও গৌরী এক বছরের বেশি সময় ধরে পরিবারের মতোই একসঙ্গে থাকছেন। কিছুমাস ধরেই সংবাদমাধ্যমের চোখে ধূলে দিয়ে নিজেরা সুখে-শান্তিতে জীবন কাটাচ্ছিলেন। দুজনের মধ্যে সবকিছুই ভালভাবে চলছে। এবার এই দুজন তাঁদের এই সম্পর্ককে পরিণতি দিতে চান।
ঘনিষ্ঠ সূত্রের খবর, আমির ও গৌরী আগামী ৫ জুলাই বিয়ে করবেন। তবে এই বিয়ে কোনও বিলাসবহুল হোটেলে বা ডেস্টিনেশন ওয়েডিং হবে না। খুবই সাদামাটা বিয়ে হবে, তাও আমির খানের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে। যদিও এই বিয়েতে কারা কারা অতিথি হিসাবে আসছেন, তা জানা না গেলেও, শোনা যাচ্ছে যে সলমন খান ও শাহরুখ খানকে আমন্ত্রণ জানাবেন আমির-গৌরী। আমির খান বর্তমানে সম্পর্কে রয়েছেন গৌরী স্প্র্যাটের সঙ্গে। এর আগে দু'বার বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকা জানান, গৌরীর সঙ্গে সম্পর্ক তাঁকে পরিপূর্ণ বোধ করায়। গৌরী তাঁর জীবনে আসায় তিনি নিজেকে খুব ভাগ্যবান বলেও মনে করেন।
আমির (৬১) ও গৌরী (৪৬)-এর মধ্যে ১৪ বছরের বয়সের পার্থক্য রয়েছে। তবে তাঁদের সম্পর্কের ভিত খুবই মজবুত। একাধিক ইভেন্টে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। আমিরের প্রথম বিয়ে হয়েছিল রীনী দত্তের সঙ্গে, ১৯৮৬ সালে। এই বিয়ে শেষ হয় ২০০২ সালে। প্রথম পক্ষের দুই সন্তান রয়েছে জুনেইদ ও ইরা খান। এরপর আমিরের বিয়ে হয় পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে। ২০০৫ সালে তাঁরা বিয়ে করেন এবং তাঁদের একটি ছেলে রয়েছে। বিয়ের ১৬ বছর পর ২০২৪ সালে আমির-কিরণের ডিভোর্স হয়। যদিও প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই আমিরের সম্পর্ক খুবই ভাল।