
৪০-এর কোটা পেরিয়ে গিয়েছেন অম্বরীশ ভট্টাচার্য। কিন্তু এখনও বিয়ে করে উঠতে পারেননি। এখনও পর্যন্ত তিনি সিঙ্গল এবং দারুণ খুশি। জীবনের ধ্যানজ্ঞান করে ফেলেছেন অভিনয়কেই। তাঁর উপর রয়েছে তাঁর সাহিত্যচর্চা এবং গান। তবে এবার মনে হয় বিয়ের ফুল ফুটতে চলেছে অভিনেতার। অম্বরীশের জন্য খোঁজা হচ্ছে পাত্রী। আগামি ফাল্গুনেই নাকি শুভ কাজটা সারতে চাইছেন অভিনেতা। আসল কেসটা কী বলুন তো?
বিয়ে যে একেবারেই করতে চান না অম্বরীশ, এমনটা নয়। কিন্তু কাউকে পছন্দ হলে, সেই মেয়ের আবার তাঁকে পছন্দ হয় না। যদিও বিয়ে না করেই দিব্যি রয়েছেন অম্বরীশ। নিজের কাজ-কর্ম নিয়ে বেশ রয়েছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী মিমি দত্ত অম্বরীশের সঙ্গে দুটি সেলফি পোস্ট করে, অভিনেতার বিয়ে করার ইচ্ছের কথা সামনে এনেছেন। মিমি লিখেছেন, বিয়ের জন্য পাত্রী চাই। পাত্র সুদর্শন, খুবই গুণী এবং প্রেমিক মানুষ। টানা বৃষ্টি পড়ছে বলে বিয়ে করতে রাজি হয়েছে। সামনের ফাল্গুনে বিয়ে দিতে চাই, পাত্রীর খোঁজ পেলে জানাবেন কমেন্ট বক্সে। এরপরই মিমি অম্বরীশকে ট্যাগ করে লেখেন, আর চিন্তা নেই।
মিমির এই পোস্টে অনেকেই জানিয়েছেন যে অবশেষে অম্বরীশ বিয়ে করতে রাজি হলেন। তবে এটা বাস্তবে নাকি মজার ছলে সেটা এখনও জানা যায়নি। একাধিক সাক্ষাৎকারে অম্বরীশ অকপটে জানিয়েছেন যে তিনি প্রেম করতে চান কিন্তু নিজের সঙ্গে সমঝোতা করে তিনি থাকতে পারবেন না। তাই জীবনে কোনও প্রেমই তাঁর টেকেনি। ইন্ডাস্ট্রিতে অম্বরীশ সদা সিঙ্গল নামেই পরিচিত। এখন অনেকটা ওজনও কমিয়েছেন। খাওয়া-দাওয়াতেও রাশ টেনেছেন তিনি। তবে বর্তমানে একাধিক বিবাহবিচ্ছেদ দেখার পর বিয়ে নিয়ে কিছুটা ভয়েই রয়েছেন অভিনেতা।
কেমন মেয়ে পছন্দ অম্বরীশের? সম্প্রতি এক সংবাদমাধ্যমকে অভিনেতা এ প্রসঙ্গে বলেন, বেশি শান্ত ধীর স্থির যা বলব তাতে হ্যাঁ হ্যাঁ মেলাবে এরকম বউ আমার কোনদিনই পছন্দ ছিল না, আজও নয়। অম্বরীশের পছন্দ যে মেয়ে নিজের মতামত জানাবে, রাগ করবে, প্রয়োজনে ঝগড়াও করবে, এমন মেয়েকেই অম্বরীশ তাঁর বউ করবেন বলে জানিয়েছেন। তবে সবটাই যে সময়ের হাতে ছেড়ে দিয়েছেন, তা স্পষ্ট। তাঁর বিশ্বাস, কখন কী হবে, তা আগে থেকে বলা যায় না। আর বিয়ের অপেক্ষাটাও তাঁর কাছে বেশ উপভোগ্য।
নেতিবাচক চরিত্র হোক বা প্রেমের দৃশ্য— অম্বরীশ ভট্টাচার্যকে খুব বেশি যে এই ধরনের চরিত্রে দেখা গিয়েছে তেমন নয়। লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক ‘শ্রীময়ী’, ‘খড়কুটো’, ‘গুড্ডি’, ‘রোশনাই’-এ আদ্যোপান্ত ইতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। আপাতত অভিনয় নিয়েই ব্যস্ত অম্বরীশ। যথাযথ পাত্রী পেলে হয়তো বিয়ের পিঁড়িতেও বসবেন তিনি।