
টলিপাড়ার মিষ্টি কাপল হিসাবে পরিচিত অভিনেতা অনুভব কাঞ্জিলাল ও অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী। তাঁদের খুল্লাম খুল্লা প্রেমের খবর কারোর অজানা নয়। অনুভব ও অনুষ্কা ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন। তাঁরই সঙ্গে নিজেদের সময় দিতে একেবারে ভোলেন না তাঁরা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তাঁদের মিষ্টি রসায়নের ছবি চোখে পড়ে সকলের। প্রেমটা অনেকদিন ধরে করলেও কবে বিয়ে করছেন অনুভব-অনুষ্কা, তা জানার কৌতুহল সকলেরই ছিল। এবার নিজেরাই জানিয়ে দিলেন কবে বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা।
কবে বিয়ে করছেন?
সম্প্রতি এক সিনেমার প্রিমিয়ারে এসে অনুভব স্পষ্ট জানিয়ে দিলেন যে আগামী বছরেই অনুষ্কার সঙ্গে তিনি বিয়ে করছেন। নেভারমাইন্ড ছবির প্রিমিয়ারে এসেছিলেন অনুষ্কা ও অনুভব। সেখানেই সংবাদমাধ্যমের সামনে তাঁদের বিয়ে নিয়ে প্রশ্ন করলে অনুভব আর ঊণিতা না করে সুখবরটি দিয়ে দেন। বলেন, ‘পরের বছর অবশ্যই আমরা বিয়ে করছি। ২০২৭-এ আমাদের চার হাত এক হচ্ছে।’অনুভবের এই জবাবে সিলমোহর পড়লেও পাশে থাকা প্রেমিকা অনুষ্কা অবশ্য একটু মজার ছলে ভ্রূ কুঁচকে প্রতিক্রিয়া দেন। তিনি হাসতে হাসতে বলেন, ‘আমার কাছে কিন্তু এখনও পাকা খবর নেই! হ্যাঁ, পরের বছর বিয়ে করার একটা প্ল্যান হচ্ছে ঠিকই, কিন্তু এখনও দিন-ক্ষণ পাকা হয়নি।’
শাশুড়িকে ডাকেন মাম্মা
অনুভবের পরিবারও অনুষ্কাকে ভীষণভাবে পছন্দ করেন। শাশুড়িকে এখন থেকেই মাম্মা বলে ডাকেন অনুষ্কা। প্রসঙ্গত অনুভব কাঞ্জিলালের জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। অন্যদিকে অনুষ্কা চক্রবর্তী আদ্যোপান্ত কলকাতার মেয়ে। তাঁরাও যে একে অপরের প্রেমে পড়বেন, তা তাঁদের কেউই শুরুতে বুঝে উঠতে পারেননি। তবে বন্ধত্ব প্রেমে রূপ নেওয়া থেকে কেউই নিজেকে আটকাতে পারেননি। মিলি'র সিরিয়ালের নায়ক অনুভবের বাস্তবের নায়িকা অনুষ্কা।
কীভাবে প্রেম শুরু?
তবে এখন অনুভব ও অনুষ্কা দুজনেই নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত। সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজ ও বড়পর্দাতেও কাজ করে নিয়েছেন এই জুটি। অনুষ্কা ও অনুভবের প্রথম দেখা অনুষ্কার ছবি ‘হীরালাল’-এর প্রিমিয়ারে। সেখান থেকে কথা শুরু। তখন দু’জনের কেউই ভাবেননি সম্পর্কটা এত দূর গড়াবে। তবে একে-অপরের সঙ্গে তাঁরা যে সুখী, সেটা দেখলেই বোঝা যায়।