
টলিপাড়ার মোস্ট এলিজেবল ব্যাচেলর যদি কেউ হয়ে থাকেন তিনি হলেন দেব। কেরিয়ারের শীর্ষে থাকলেও ব্যক্তিগত জীবনে কবে থিতু হবেন, কবে তিনি বিয়ের পিঁড়িতে বসবেন, তা সকলেই জানতে চান। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ব্রেকআপের পর দেব সম্পর্কে জড়ান রুক্মিণী মৈত্রের সঙ্গে। দেব-রুক্মিণীর প্রেমের খবর অজানা কারোর নয়। বহু বছর ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। কিন্তু কবে বিয়ে করবেন দেব, তা কিছুতেই জানাতে চান না তিনি। তবে এবার দাদাগিরির মঞ্চে এসে দেব ঘোষণা করলেন তাঁর বিয়ের দিনক্ষণ।
বাংলার সুপারস্টার দেব খ্যাতির চূড়ায় বসে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি সাংসদ, প্রযোজক, পরিচালকও। এবার দাদাগিরি সিজন ১১-তেও সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে দেবকে। বাংলার দর্শকদের ড্রয়িংরুমেও ঢুকে পড়েছেন অভিনেতা। দেবের অভিনয়, রাজনীতি সহ অন্যান্য কাজ নিয়ে কথা বলার সঙ্গে ইন্ডাস্ট্রির হিরো কবে সাতপাকে বাঁধা পড়বেন, তা নিয়ে চর্চা হবে না তা কী করে হয়। যদিও দেব নিজে তাঁর বিয়ে নিয়ে কোনও কথা বলতে রাজি নন। যখনই তাঁকে রুক্মিণীর সঙ্গে কবে ছাদনাতলায় যাচ্ছেন, এই নিয়ে প্রশ্ন করা হয়, দেব বরাবরই তা এড়িয়ে গেছেন। তবে দাদারিরির মঞ্চে সেই সুযোগ আর পেলেন না।
দেব আর রুক্মিণীর প্রেমের সম্পর্ক নিয়ে আর কোনও রাখঢাক নেই। একে অপরের সঙ্গে বেড়াতে যান৷ সময় কাটান। দুই পরিবারের সকলের সঙ্গে তাঁদের খুবই আন্তরিক ও গভীর সম্পর্ক৷ দেবের বহু ছবির নায়িকা রুক্মিণী। তবুও বিয়ে করছেন না দেব ও রুক্মিণী। তবে এবার চাপে পড়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েই ফেললেন দেব। একেবারে বিয়ের দিন পাকা করে ফেললেন তিনি। সকলের সামনে খোলাখুলি ঘোষণা করলেন তাঁর বিয়ের কথা। দাদাগিরির মঞ্চে তাঁকে সুনীল ছেত্রী সরাসরি জিজ্ঞাসা করেন যে তিনি বাড়িতে শান্তি চান কিনা, আর শান্তি চাইলে বিয়ে করার পরামর্শ দেন ভারতীয় ফুটবলার। তিনি আরও পরামর্শ দেন যে বাডডি ফিরে বাবা-মায়ের পাশাপাশি স্ত্রীকে দেখলে মন ভাল হয়ে যাবে দেবের।
দেব এই কথার প্রসঙ্গে বলেন যে তিনি নিশ্চয়ই চেষ্টা করবেন পরের বছরের মধ্যে বিয়েটা সেরে ফেলতে। এরই সঙ্গে দেব এও প্রতিশ্রুতি দেন যে পরের দাদাগিরির সিজন তাঁর স্ত্রী দর্শকের আসনের সামনে বসে দেখবেন। দেবের এই কথা শোনার পর এটা ধরে নেওয়াই যায় যে আগামী বছরের মধ্যে দেব-রুক্মিণী বিয়েটা সেরে ফেলবেন। প্রসঙ্গত, কেরিয়ারের শুরুর দিকে শুভশ্রীর সঙ্গে তাঁর জোরদার প্রেম ছিল৷ সেই প্রেম ভেঙেছে কবেই। চলেছে দুই নায়ক-নায়িকার মান অভিমানের পালা। দেব-শুভশ্রীর কেমিস্ট্রি দারুণ হওয়া সত্ত্বেও একে অপরের সঙ্গে ছবিও করতেন না অনেকটা লম্বা সময়। তারপর তাঁদের পথ আলাদা হয়েছে, শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধে সুখে সংসার করছেন। দুই সন্তান রয়েছে তাঁদের। এবার দেবের বিয়ে করে সংসারী হওয়ার পালা।