
আয়নার সামনে দাঁড়িয়ে যিনি দাঁড়িয়ে রয়েছেন, তাঁর হাড় গোনা যাচ্ছে, রোগা, শীর্ণকায় শরীর। ন্যাড়া মাথা, চোখে চশমা, মিরর সেলফি নিচ্ছেন দিব্যজ্যোতি দত্ত। আর পাশে অভিনেতার আরও একটি ছবি, যেখানে তাঁর পেশীবহুল সুঠাম দেহ দেখা যাচ্ছে। ঠিক এরকমই শীর্ণকায় শরীরে দেখা গিয়েছে দিব্যজ্যোতিকে সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে। শ্রী চৈতন্যদেবের অবতারে নিজেকে গড়ে তুলতে এভাবেই অভিনেতা নিজেকে ভেঙে গড়ে তুলেছেন। অভিনেতার অভিনয় ঘরে ঘরে প্রশংসিত। কীভাবে এই হাড় জিরজিরে শরীর তৈরি করলেন দিব্যজ্যোতি?
একাধিক সাক্ষাৎকারে দিব্যজ্যোতি জানিয়েছিলেন যে তাঁকে এই ছবির জন্য কঠোর ডায়েটের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তাঁর চোখের জন্যই যে তাঁকে পরিচালক শ্রী চৈতন্যদেবের চরিত্রের জন্য বেছে নিয়েছিলেন, সেকথা পরিচালক নিজেই জানিয়েছিলেন। তবে এই চরিত্রের ছাঁচে গড়ে তোলার আগে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় দিব্যজ্যোতির অতিরিক্ত ওজন। কিন্তু সেই ওজন কমানোর চ্যালেঞ্জ গ্রহণ করেন দিব্যজ্যোতি।
অভিনেতা এই ছবির প্রচারে এসে একাধিকবার জানিয়েছেন যে তিনি তিনমাসে ২৭ কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন। এবার সেই ছবি সামনে আনলেন অভিনেতা। দিব্যজ্যোতি সম্প্রতি দুটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে, পেশীবহুল চেহারায় আর অন্য ছবিতে তাঁকে দেখা যায় শীর্ণ, হাড়সর্বস্ব শরীরে, যেখানে হাড় গোনা যাচ্ছে তাঁর। এই দুটো ছবি শেয়ার করে দিব্যজ্যোতি লেখেন, একদিন আয়নার সামনে আমি ছিলাম শুধু শরীর, আজ আয়নার ভিতরে খুঁজি শ্রীচৈতন্য। ২৭ কেজি ওজন শুধু নয়-আমি ঝরিয়েছিল ২৭ স্তর আমি কে। জিমের লোহার ঘামে গড়া শরীর, আর হৃদয়ের ভিতরে জন্ম নেওয়া চৈতন্যের বৈরাগ্য-এই দুইয়ের মাঝেই আমার এই রূপান্তর।
দিব্যজ্যোতি স্পষ্ট জানিয়েছেন যে তিনি এখন শ্রীচৈতন্যে মগ্ন। গোটা শ্যুটিং চলাকালীন তিনি যে শুধুমাত্র তরমুজ খেয়ে থাকতেন সে কথা নিজেই বলেছিলেন অভিনেতা। শুধু শরীরের দিক থেকে নয়, মনের দিক থেকেও তিনি হয়ে উঠেছিলেন চৈতন্যদেব। শুধু শ্যুটিং চলাকালীন নয়, তার আগে এবং পরে গোটা সময়টাই তিনি শ্রীচৈতন্যদেবের ঘোরেই থাকতেন। দিব্যজ্যোতির পোস্ট করা এই দুটি ছবি প্রমাণ করল যে তিনি কতটা পরিশ্রম করে এই শরীরকে নিজের মধ্যে আনতে পেরেছেন।
'অনুরাগের ছোঁয়া' সিরিয়ালে সূর্য চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা কুড়িয়েছেন দিব্যজ্যোতি। এই ধারাবাহিকে তিনি ডাঃ সূর্যের চরিত্রে অভিনয় করতেন। এরপরই তাঁর কাছে সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির প্রস্তাব আসে। সৃজিতের ছবির মাধ্যমেই বড় পর্দায় ডেবিউ করেন দিব্যজ্যোতি।