
'জনতা এক্সপ্রেস শো'-এর মাধ্যমে দর্শকদের ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক। কেরিয়ারের শুরুটা টেলিভিশন দিয়ে শুরু হলেও বড়পর্দা ও ওয়েব সিরিজেও কাঞ্চন তাঁর দাপট দেখিয়ে দিয়েছেন। বরাবরই পার্শ্বচরিত্রে অভিনয় করেই কাঞ্চন সকলের মন জয় করে নিয়েছেন। পর্দায় অভিনেতার এন্ট্রি মানেই হাসির রোল উঠবে দর্শকদের মধ্যে। একচেটিয়া বড়পর্দায় অভিনয় করার পর বহু বছর পর ছোটপর্দায় কামব্যাক করছেন প্রাক্তন বিধায়ক। কোন সিরিয়ালে দেখা যাবে অভিনেতাকে?
স্টার জলসার 'গৃহপ্রবেশ' সিরিয়ালে অল্প কিছুদিনের জন্য দেখা গিয়েছিল অভিনেতাকে। কিন্তু তারপর অনেকদিন হয়ে গিয়েছে। কাঞ্চন মল্লিক মন দিয়েছেন বড়পর্দায়। একের পর এক ছবির শ্যুটিংও করছেন। টলিউডে কাঞ্চন কৌতুক অভিনেতা বলেও পরিচিত। তাই তাঁর কোনও ধারাবাহিকে এন্ট্রি মানেই গল্পে টুইস্ট আসবে। তবে এবারে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে কাঞ্চনকে। সংসারের সংকীর্তন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। এই ধারাবাহিকে মজার মোড়কে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে।
সব্যসাচী চৌধুরী ও মানালির দে-এর এই ধারাবাহিকটি অল্প কয়েকদিনের মধ্যেই খুব জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধারাবাহিকে দর্শকদের বাড়তি পাওনা হিসাবে রয়েছে শুভাশিস মুখোপাধ্যায় ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের মজার অভিনয়। তাঁরাও কৌতুক অভিনেতা হিসাবে পরিচিত। এক সংবাদমাধ্যমকে কাঞ্চন জানিয়েছেন যে শুভাশিস মুখোপাধ্যায় ও পরাণ বন্দ্যোপাধ্যায় এখনও ধারাবাহিকে কাজ করতে পারলে, তিনি কেন পারবেন না? মাঝে অন্য কাজের জন্য ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন কাঞ্চন। তার পরে সে ভাবে ছোটপর্দায় অভিনয় করেননি। এখানে শ্রীতমা ভট্টাচার্যের সঙ্গে জুটিতে দেখা যাবে অভিনেতাকে।
কাঞ্চনের মতে ছোটপর্দায় অভিনয় করার সুবিধাই হল প্রতিদিন অভিনয়ের অভ্যাস এবং আর্থিক স্বচ্ছলতা। আপাতত রোজই ছোটপর্দায় দেখা মিলবে কাঞ্চনকে। তবে এই সঙ্গে বড়পর্দার কাজও শুরু করেছেন কাঞ্চন। ‘দেশু ৭’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা দেখা যাবে কাঞ্চনকে। ছাব্বিশের নির্বাচনে উত্তরপাড়া থেকে তৃণমূল থেকে দ্বিতীয়বার টিকিট পাননি কাঞ্চন। তবে তাতে তাঁর কোনও আক্ষেপ নেই। বরং তিনি স্পষ্ট করে জানিয়েছেন আর রাজনীতি নয়, বরং মনোনিবেশ করবেন তাঁর অভিনয় পেশার দিকে।