
সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে কোনও মন্তব্য করার পর তা নিয়ে ট্রোলডের মুখোমুখি হওয়া তারকাদের কাছে কোনও নতুন বিষয় নয়। সর্বদাই টলিউড তারকারা নিজেদের দুমদাম করে বসা মন্তব্যের জেরে কটাক্ষের শিকার হয়ে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন অভিনেতা কৌশিক সেন। নেটিজেনের একাংশ ক্রমাগত তাঁকে বিদ্ধ করে চলেছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'আজও অর্ধাঙ্গিনী'। যেখানে প্রধান চরিত্রে রয়েছেন কৌশিক সেন। আর সেই ছবির এক প্রচারে এসে সাক্ষাৎকারে কৌশিক বিয়ে নিয়ে মন্তব্য করে বসেন। জেনারেশন জেড বা জেন জি-দের নিয়ে কথা বলার সময় কৌশিক বলে বসেন, ওরকম একটা সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে থাকতে হবে, ওরকম বাধ্য বাধকতা ওদের মধ্যে নেই…। আর সেটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় একাংশ কৌশিককে কটাক্ষ করছেন। এক সাক্ষাৎকারে জেন জি-দের বিয়ে নিয়ে প্রশ্ন করলে কৌশিক বলেন, আমার মনে হয় ওদের জেনারেশন সম্পর্কটা অন্যরকমভাবে ডিফাইন করে। মানে বিয়ে করে ওরকম একটা সিঁদুর ফিদুর লুবড়ে থাকতে হবে, ওরকম কোনো বাধ্য বাধ্যকতা নেই। জীবনটা অনেক বড়। সেইটা ওদের জেনারেশন মনে হয় বিশ্বাস করে।
বিয়ে তথা সিঁদুর নিয়ে করা এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড় ওঠে। অনেকেই অভিনেতার এই মন্তব্যকে সমর্থন করতে পারেননি। কেউ লেখেন, সিঁদুর লেবড়ে কেউ থাকেন না। আবার কারোর মতে, সিঁদুর না পরলে তো বোঝাই যাবে না, বিবাহিত না অবিবাহিত। আবার কেউ কৌশিকের মন্তব্য ধরে বলেন, সিঁদুর ফিদুর বাহ, কী অপূর্ব কথা। কৌশিককে তাঁর ভাষা ঠিক করারও পরামর্শ দেন। কেউ কেউ লেখেন, কী ভাষা, সিঁদুর লেবড়ে লুবড়ে ছিঃ। সব মিলিয়ে কৌশিক তাঁর মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলড হয়েছেন। যদিও অভিনেতার থেকে পাল্টা কোনও জবাব আসেনি।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন বাংলা ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’ ২০২৩ সালের হিট ছবি ‘অর্ধাঙ্গিনী’-র সিক্যুয়েল। দাম্পত্যের গভীর জটিলতা এবং সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। দর্শকদের কাছে ভালোবাসা পাচ্ছে এই ছবি। কৌশিকের অভিনয় প্রশংসা পেয়েছে এই সিনেমায়। কৌশিকের পাশাপাশি চূর্ণী ও জয়া আহসানের অভিনয়ও ভালোবাসা পেয়েছে দর্শকদের কাছে।