
১৯৯৯ সালে বাংলার জনপ্রিয় সিরিয়াল 'হাফ চকোলেট'-এ একটি সাদামাটা কোঁকড়ানো চুলের ছেলের অভিনয় দারুণভাবে প্রশংসা পেয়েছিল। তখনও কেউ জানতেন না এই ছেলেই পরবর্তীকালে অভিনেতার পাশাপাশি পরিচালনার কাজেও নিজের দক্ষতাকে প্রমাণিত করতে পারবেন। অঞ্জন দত্তের হাফ চকোলেট থেকে রবি ওঝার 'এক আকাশের নীচে' এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি পরমব্রত চট্টোপাধ্যায়কে। একের পর এক সিনেমায় নিজের অভিনয়কে তুলে ধরেছেন তিনি। শুধু তাই নয়, পরিচালক হিসাবেও পরম সফল। সেই পরমব্রতরই প্রত্যাবর্তন হচ্ছে ছোটপর্দায়। নতুন সিরিয়াল কমলা নিবাস-এ দেখা যাবে অভিনেতাকে। সোমবার থেকেই এই সিরিয়ালের সম্প্রচার শুরু।
সোহিনী-দেবশঙ্করের কমলা নিবাস সিরিয়ালের প্রোমো বহুদিন আগে থেকে দেখানো হলেও, এই সিরিয়ালে যে এই চমক অপেক্ষা করে রয়েছে, তা কেউই জানতেন না। সম্প্রতি কমলা নিবাসের নতুন প্রোমোতেই দেখা মিলেছে পরমব্রতর। অভিনেতার বিপরীতে রয়েছেন টেলিপর্দার চেনা মুখ দেবাদ্রিতা। দীর্ঘদিন পর নিজের চেনা জায়গাতেই ফিরছেন অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত। আজ থেকে দর্শকদের বৈঠকখানায় ঢুকে পড়বেন পরম। জল্পনা অনেকদিন ধরেই ছিল যে ছোটপর্দায় ফিরছেন পরম। এবার সেই জল্পনাই সত্যি হল।
প্রায় ২৫-২৬ বছর পর পরমব্রত চট্টোপাধ্যায় ছোটপর্দায় কামব্যাক করলেন। ১৩ এপ্রিল থেকে সম্প্রচার হবে কমলা নিবাস। প্রতিদিন সন্ধে সাড়ে ৬টা থেকে দেখানো হবে এই সিরিয়াল। ইতিমধ্যেই প্রকাশ্যে 'কমলা নিবাস' পরমব্রতর লুক। নতুন জুটিকে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। মাঝবয়সি দম্পতির স্বপ্ন দেখা থেকে সেই স্বপ্ন পূরণের গল্পের আবর্তে তৈরি হয়েছে 'কমলা নিবাস' ধারাবাহিকের গল্প। তাঁদের সুখ-দুঃখ, ভালো-মন্দকে কেন্দ্র করেই এগবে 'কমলা নিবাস'-এর কাহিনি। এই চরিত্রে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্ত। নিপাট পারিবারিক গল্প বলবে এই ধারাবাহিক। গল্পের কেন্দ্রে রয়েছে কমলা ও শ্রীনিবাস। দ্বন্দ্ব আর আবেগের এক সুন্দর মেলবন্ধন ঘটবে এই মেগায়। পরমব্রতর প্রত্যাবর্তন নিঃসন্দেহে এই ধারাবাহিকে যোগ করবে নতুন মাত্রা।
যৌথ পরিবারের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান আর সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে টেলিভিশনের পর্দায়। ছোট্ট মেয়েকে আগলে দেবাদৃতা আর পরমব্রতর ছবি ইতিমধ্যেই দর্শকের উৎসাহকে আরও একটু উসকে দিয়েছে। পারিবারিক ধারাবাহিকে পরমব্রতকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক। 'এক আকাশের নীচে'-সহ আরও বেশ কিছু জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু, বর্তমানে সিনেমা, সিরিজে অভিনয়-পরিচালনা-প্রযোজনা নিয়েই ব্যস্ত ছিলেন। নতুন বছরে ছোট পর্দায় নতুনভাবে পরমব্রতর গ্র্যান্ড কামব্যাকে খুশির আবহ বাঙালির ড্রইংরুমে। দেবাদৃতা ও পরমব্রতর জুটি কতটা দর্শকদের মন ছুঁতে পারে, এখন সেটাই দেখার।