
সম্প্রতি বিয়ে হয়েছে টেলিভিশনের চেনা মুখ অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডুর। বিয়ের পর থেকেই তাঁদের নিয়ে ট্রোলড যেন থামছেই না। অনন্যা-সুকান্তর বিয়েতে বাউন্সারদের বাড়াবাড়ি দেখে, নেট পাড়ায় উঠেছে হাসির রোল। অনেকেই এই নিয়ে একাধিক মন্তব্য করেছেন। তবে এবার এই নিয়ে সরব হলেন অভিনেতী ঋদ্ধি সেন। ঋদ্ধি এর আগেও একাধিক বিষয়ে নিজের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এবার নাম না করেই বাউন্সার প্রসঙ্গ টেনে কটাক্ষ করলেন অনন্যা ও সুকান্তকে।
ঋদ্ধি ফেসবুকে একটি পোস্ট করেছেন। অভিনেতা ব্যাঙ্গ করে লেখেন, 'বাংলার পরিচিত প্রবাদ হলো 'কথা কম কাজ বেশি'। তবে বাংলায় যেটা হয় সেটা হলো ‘কথা বেশি কাজ কম’। কিন্তু বাংলার তারকাদের জন্য এই উক্তির একটা নতুন ভার্সন আছে ‘কাজ কম বাউন্সার বেশি। কথা’ শব্দটা বাংলার টুইংকেল টুইংকেল লিটল স্টারদের ক্ষেত্রে বাদই দিলাম, কারণ কথার বদলে বেশিরভাগেরই মুখগহ্বর থেকে বেরিয়ে আসে শুধুই কুইন্টাল কুইন্টাল শব্দ। শব্দগুলো বাক্যে পরিণত হয় সরকার বুঝে, অর্থ বুঝে, তবে এ অর্থ সে অর্থ নয়।' ঋদ্ধির সংযোজন, 'আমাদের স্টারডাস্ট অথবা স্টার পাউডাররা সারা বছর অর্থহীন কাজ করলেও তাঁদের কাছে অর্থ কদাপি অনর্থ নয়। কারণ অর্থের জোরে ভাবনার বিকাশ নিম্নগামী হলেও ভাঁওতাবাজির প্রকাশ ঊর্ধ্বগামী। তাই ফাঁকা রাস্তায় হোক, ফ্লপ হওয়ার সাকসেস পার্টিতে বা বিয়েতে, অপরিচিত মুখের পাশে অসহায় পাঁচটা বাউন্সার কিন্তু মাস্ট। বাংলা ছবির পাশে না দাঁড়ালেও বাউন্সার পরিবেষ্টিত হাবভাব দেখে অন্তত সেলফি ছবির জন্য যদি পাশে কেউ দাঁড়ায়। আর কিছুদিন পরে দেখা যাবে যে ভালোবাসার বন্ধনে সাত পাকে একসাথে ঘুরছে স্বামী-স্ত্রী ও বাউন্সার।'
ঋদ্ধির এই পোস্ট কাদের কটাক্ষ করে লেখা হয়েছে তা নেটপাড়ার কারোরই বুঝতে অসুবিধা হয়নি। অনেকেই ঋদ্ধির এই পোস্টে সমর্থন জানিয়েছেন। অনেকে লিখেছেন, সিরিয়ালে ৩-৪টে সাইড রোলে মুখ দেখিয়েই বাউন্সার নিয়ে বিশাল সেলিব্রিটি হাবভাব এদের। আবার কেউ লিখলেন, সবটাই লোক দেখানো। প্রসঙ্গত, এর আগেও রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তরজায় জড়িয়েছিলেন অনন্যা। সেই সময়ও অনেক তারকাই অভিনেত্রীকে উচিত পাঠ পড়িয়েছিলেন।
অভিনেত্রী অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডুর বিয়ে ঘিরে নেটদুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। তাঁদের বিয়ের অনুষ্ঠানকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। অভিযোগ, অনুষ্ঠানে উপস্থিত পাপারাৎজিদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলিং। এর পাশাপাশি, বিয়েতে অনন্যার বাউন্সার নিয়ে ঘোরাকে কেন্দ্র করেও কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী।