
ছিপছিপে ফিগার ও ফিটনেসের জন্য বলিউডে পরিচিত দিশা পাটানি। তাঁর ভক্ত-অনুরাগীরা প্রায়ই তাঁর এই ফিটনেসের রহস্য জানতে চান। এমন মেদহীন ফিগারের জন্য বলিউড অভিনেত্রী কী খান এবং কী পান করেন, এটা জানতে সকলেই উৎসুক। খাওয়া-দাওয়া কথা ছাড়ুন, এখন চর্চায় দিশার জল। যা শুনলে চোখ কপালে উঠবে।
দিশা পাটানিকে প্রায়শই জিমে বা বিভিন্ন অনুষ্ঠানে একটি বিশেষ কাচের বোতল হাতে দেখা যায়। রিপোর্ট থেকে জানা যায় যে, তিনি যে জল পান করেন তা সাধারণ কলের বা ফিল্টারের জল নয়, বরং বিশ্বের অন্যতম দামি ও এক্সক্লুসিভ জল। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দিশা পাটানি সপ্তাহে প্রায় পাঁচবার 'ব্লিং এইচটুও' স্পার্কলিং ওয়াটার পান করেন। এই জলের দাম শুনে চোখ কপালে উঠতে পারে। রিপোর্ট বলছে, এই বিশেষ জলের একটি ৭৫০ মিলি বোতলের দাম ৫ হাজার থেকে ২৮ হাজার পর্যন্ত। যদিও এটা সোশ্যাল মিডিয়ার দাবি।
যখনই দামী জলের কথা ওঠে, সবার আগে বিরাট কোহলির নাম উঠে আসে। ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলি তাঁর ফিটনেস এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য জনপ্রিয়। বিভিন্ন প্রতিবেদনে প্রায়শই তাঁকে ফরাসি আল্পসের একটি প্রিমিয়াম মিনারেল ওয়াটার ব্র্যান্ড ‘এভিয়ান ন্যাচারাল মিনারেল ওয়াটার’-এর সঙ্গে যুক্ত করা হয়। বাজারে এর দাম বোতলের আকার, প্যাকেজিং এবং অবস্থানের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। কিছু প্রতিবেদনে প্রতি লিটার জলের দাম প্রায় ২৪৫ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত উল্লেখ করা হয়েছে। তবে, বিরাট কোহলি প্রতিদিন যে জল পান করেন এবং দিশা পাটানি যে ব্র্যান্ডের জল খান তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
সম্প্রতি অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি রহস্যময় ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে বেশ কয়েকটি মনিটরের সামনে দেখা যাচ্ছে। ভিডিওটি দেখে মনে হচ্ছে, কেউ তাকে নজরে রাখছে। দিশা পোস্টটিতে একটি বার্তাও লিখেছেন, যা দর্শকদের কৌতুহল দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।