
হঠাৎ করেই টলিপাড়ায় উত্থান ইধিকা পালের। এর আগে নায়িকাকে দেখা গিয়েছিল ছোটপর্দায়। এরপর হঠাৎ করেই বাংলাদেশের ছবিতে অভিনয় করার সুযোগ আসে ইধিকার। শাকিব খানের বিপরীতে অভিনয় করে রীতিমতো জনপ্রিয়তার শীর্ষ ওঠেন। তবে টলিউডে ডেবিউ হয় তাঁর দেবের বিপরীতে অভিনয় করে। বলা যায়, খাদান ইধিকার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। দেবের সঙ্গে নায়িকার জুটি দর্শকেরা ভীষণভাবে পছন্দ করেন। এরপর রঘু ডাকাত-এও ইধিকাকে দেবের বিপরীতে দেখা যায় এবং প্রজাপতি ২-তেও। কিন্তু জানেন ইধিকা এই প্রজাপতি ২-এর জন্য প্রথম পছন্দ ছিলেন না, তাহলে আর কোন নায়িকা ছিলেন তালিকায়?
এক পডকাস্টে এসে ইধিকা জানিয়েছেন যে এই চরিত্রের জন্য যখন ইধিকা ডাক পান, তখন ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে আর তিনি সেই সম্পর্কে কিছুই জানতেন না। ইধিকা বলেন, হঠাৎ করে একদিন পরিচালক আমাকে ফোন করে বলেন, তিনি একটি চরিত্রের জন্য আমাকে বেছে নিয়েছেন। আমি যদি না করে দিই তাহলে তিনি এই চরিত্রটি ছবি থেকে বাদ দিয়ে দেবেন। অভিনেত্রী আরও বলেন, পরিচালক আরও বলেছিলেন যে আমি এই চরিত্রের জন্য দুজনকে বেছে নিয়েছি। এবার তুমি বলো এই ছবিটা করবে কিনা।
এরপর ইধিকা বলেন, আমার কাছে ছবিটা না করার কোন কারণ ছিল না কিন্তু আমি যখন পরিচালককে জিজ্ঞাসা করি যে আমি ছাড়া আর কাকে আপনি বেছে নিয়েছেন? তখন আমার প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, আমার কাছে দুটো অপশন আছে প্রথমটা ইধিকা আর দ্বিতীয়টাও ইধিকা। নায়িকা এই কথা শোনার পর খুবই খুশি হয়েছিলেন। এই ছবিতে কাজ করার অন্যতম কারণ হিসাবে ইধিকা জানান যে দেব ছাড়াও মিঠুন চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্যের মতো অভিনেতারা রয়েছেন। তাই এই ছবিতে কাজ না করার কোনও কারণ নেই।
ইধিকার কেরিয়ার এখন সপ্তম আকাশে বলা চলে। প্রজাপতি ২-এও তেও দেব ও তাঁর রসায়ন দর্শকদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। গত বছরেই যেমন রঘু ডাকাত এবং বহুরূপ ছবির মত ছবিতে অভিনয় করেছেন ইধিকা তেমন অন্যদিকে অভিনয় করেছেন বরবাদ ছবিতেও। বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি বাংলাদেশেও ইধিকার জনপ্রিয়তা কম কিছু নয়।