
টলিপাড়ায় এখন শুধুই সুখবর। তারকাদের ব্যক্তিগত জীবনে একের পর এক ভাল খবর শোনা যাচ্ছে। কিছুদিন আগেই আশীর্বাদ ও বাগদান পর্ব সারলেন অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা। আর সেই রেশ কাটতে না কাটতেই আইনি বিয়ে সারলেন সৌরভের প্রাক্তন স্ত্রী মধুমিতা সরকার। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী তাঁর রেজিস্ট্রি ম্যারেজের মুহূর্ত শেয়ার করে নিয়েছেন। তবে মধুমিতা আইনি বিয়ে সারলেন তাঁর বর দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে।
গত ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর দিন ঘটা করে সামাজিক বিয়ে সারেন মধুমিতা ও দেবমাল্য। যদিও বেশ অনেকদিন ধরেই বন্ধু দেবমাল্যর সঙ্গে ডেট করছিলেন মধুমিতা। তবে বিয়ের সবকিছুই খুবই গোপনে সেরেছিলেন অভিনেত্রী। চলতি বছরের ২৩ জানুয়ারি বাঙালি রীতি মেনে দ্বিতীয়বার বিয়ে করেন মধুমিতা। তবে সেই সময় আইনি বিয়ে করা হয়নি তাঁদের। আর সামাজিক বিয়ের ৫ মাসের মাথায় দেবমাল্যর সঙ্গে আইনি বিয়ে সেরে নিলেন অভিনেত্রী।
খুব ঘরোয়াভাবেই ছিল এই আইনি বিয়ের আয়োজন। মধুমিতা পরেছিলেন রাস্ট অরেঞ্জ রঙের সালোয়ার কামিজ, মেকআপ ছিল না একেবারেই, খোলা চুল ও কানে ছোট্ট সোনার দুল। অপরদিকে, দেবমাল্যর পরনেও একেবারে ক্যাজুয়াল পোশাক। দুই পরিবারকে নিয়ে আইনি বিয়ে সারলেন মধুমিতা ও দেবমাল্য। সামাজিক বিয়ের সময়ে মধুমিতার সিরিয়ালের শ্যুটিং চলছিল বলে, বিয়ের যাবতীয় প্রস্তুতিতে সাহায্য করেছিলেন দেবমাল্য। সোশ্যাল মিডিয়ায় দেবমাল্যর সঙ্গে আইনি বিয়ের ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'আজ থেকে আমি আইনতভাবে তোমার স্ত্রী হলাম।'
দেবমাল্য ও মধুমিতার জীবনের এই শুভক্ষণের সঙ্গী তাঁদের পোষ্য। দুজনেই পশুপ্রেমী, সে কথা বলার অপেক্ষাই রাখে না। জীবনের বিশেষ মুহূর্তে সে থাকবে না তা কখনও হয় নাকি! সেই জন্যই তো আদুরে পোষ্যকে সঙ্গে নিয়েই বিয়ের রেজেস্ট্রি সারলেন দম্পতি। পরিবার পরিজন থেকে পোষ্য প্রত্যেককে সঙ্গে নিয়ে নিজেদের সম্পর্ককে আইনি সিলমোহর দিলেন দু’জনে। দেখতে দেখতে পাঁচমাস দাম্পত্য জীবন কাটিয়ে ফেললেন মধুমিতা ও দেবমাল্য।
দেবমাল্যর প্রথম বিয়ে হলেও ছোট পর্দার পাখির এটা দ্বিতীয় বিয়ে। এর আগে মধুমিতা বিয়ে করেছিলেন অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীকে। সেই দাম্পত্য মোটেই সুখের হয়নি। কয়েক বছরের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে যায় সংসার। বর্তমানে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের সহ অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে বাগদান সেরেছেন সৌরভ। কাকতালীয়ভাবে এরপরই দেবমাল্যর সঙ্গে বিয়েতে আইনি স্বীকৃতি দিলেন প্রাক্তন স্ত্রী।