
টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। রোজগেরে গিন্নি শো থেকে শুরু করে একাধিক সিরিয়ালের মুখ মৈত্রেয়ী। ছাব্বিশের বিধানসভা ভোটের ফলাফল সকলের কাছে স্পষ্ট। রাজ্যে পদ্মফুল ফুটতেই টলিউড তারকাদেরও সুর বদল হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপির কাছে কেন বিপুল ভোটে হেরে যেতে হল তৃণমূলকে, বিগত কিছুদিন ধরে তা নিয়ে চলেছে চুলচেরা বিশ্লেষণ। অনেকে আবার সুযোগ বুঝে নতুন সরকারের হয়েও কথা বলছেন। কিন্তু এসব কিছুর মধ্যে একটু অন্যরকম কথা বলতে দেখা গেল অভিনেত্রী মৈত্রেয়ী মিত্রকে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন অভিনেত্রী। আর সেই চিঠি ঘিরে আবার শিরোনামে মৈত্রেয়ী। কী লিখলেন অভিনেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে?সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে এমন ভয় দেখানো হয়েছিল রাজ্যবাসীকে। এটা শুধুমাত্র নির্বাচনের একটা কৌশল ছিল, ঠিক যেমন বাচ্চাদের মা, জুজুর ভয় দেখিয়ে বাচ্চাকে শান্ত করে রাখে। কিন্তু সেই কৌশল ব্যর্থ হয়েছে, পশ্চিমবঙ্গবাসী যে সুস্থ পরিবেশে শান্তিতে বাঁচতে চেয়েছিল সে কথা হয়তো বুঝতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিনেত্রী আরও লেখেন, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শপথ গ্রহণ করেছিলেন সেই সময় পশ্চিমবঙ্গের মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু কেন সেই ভালোবাসা হারিয়ে গেল? দলের অন্য ব্যক্তিদের করা অত্যাচারের দায়ভার যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। তবে অভিনেত্রী এও জানিয়েছেন, তিনি আজও ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণ সম্মান করেন। সুযোগ পেলে আবারও তাঁর সঙ্গে কথা বলতে চান তিনি। রাজ্যবাসীর মনে যে অভিযোগ, অভিমান জমে আছে তা যেন ভালোবাসা আর সহানুভূতি দিয়ে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমনটাই আবেদন মৈত্রেয়ীর।
সবশেষে অভিনেত্রী এইটুকুই আশা রেখেছেন, সবকিছু ভুলে আগের মানুষটি হয়ে যেন একদিন ফিরে আসতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে তাঁকে প্রণাম জানিয়ে নিজের লেখা শেষ করেন তিনি। মৈত্রেয়ী দীর্ঘদিন ধরেই বাংলা টেলিভিশন ও সিনেমায় নিজের ছাপ রেখে চলেছেন। অভিনয়ের পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি যথেষ্ট ওয়াকিবহাল। সম্প্রতি শেষ হল সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'শোলক সারি'। বহুদিনের বিরতির পর এই ধারাবাহিকের মাধ্যমে আবারও কাজ শুরু করেছিলেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র।