
ছোটপর্দা থেকে বড়পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম, মানালি দে-এর দাপট সব জায়গাতেই। নিজের অভিনয় এবং মিষ্টি ব্যবহার দিয়ে পর্দার মৌরি সকলের মন জয় করেছেন খুব অল্প সময়ের মধ্যেই। নিজের কাজ আর অগোছলো সংসার নিয়েই থাকতে ভালোবাসেন অভিনেত্রী। সব সময়ই মানালির মুখে থাকে একগাল হাসি। কিন্তু এই হাসির মধ্যেও তাঁর মায়ের না থাকার দুঃখ লুকিয়ে থাকে সর্বদাই। মঙ্গলবার ছিল মানালির মায়ের মৃত্যুবার্ষিকী। মায়ের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে পুরনো স্মৃতিতে ভাসলেন নায়িকা।
মাকে হারানোর পর মুহূর্তেই মানালির জাবন বদলে গিয়েছে। দেখতে দেখতে দশ বছর হয়ে গেল, মানালির মা মারা গিয়েছেন। কিন্তু অভিনেত্রী সব সময়ই মায়ের অভাব বোধ করেন ভীষণভাবে। আর মায়ের মৃত্যুবার্ষিকীর দিন নিজের মনে কথা শেয়ার করলেন সকলের সঙ্গে। মায়ের সঙ্গে মানালি বেশ পুরনো দিনের কিছু ছবি শেয়ার করেছেন। এই ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, দেখতে দেখতে তোমায় ছাড়া দশ বছর মা...এমন কোন দিন নেই তোমায় মনে পড়ে না...এখন আর কেউ বাবুন বলে ডাকে না...যত বয়স বাড়ছে তোমাকে মিস করাটা যেন আরো বাড়ছে...।
মানালি আরও লেখেন, তোমার হাতের রান্না তোমার সঙ্গে ঝগড়া সবকিছু..অন্য কারোর হাতের রান্না করা খিচুড়ি আমি এখনও খেতে ভালোবাসি না। তোমার হাতের ওই স্বাদ আসে না..। বড় কম দিন পেয়েছি তোমার কাছে কি আর করা যাবে মানতে তো হবেই..তুমি আমার মধ্যে থেকে যেও সারা জাবন...আমি বাপিকে দেখে রাখি। আশা করি তুমিও দাদু আর দিদার সঙ্গে ভাল আছ। আর কিছু বলার থাকলে স্বপ্নে এসো বাকি কথা তখন হবে। মাকে খুবই মিস করেন অভিনেত্রী মানালী দে।
মানালির মায়ের নাম মণীষা। সোশ্যাল মিডিয়া পেজে তিনি তাঁর নামের সঙ্গে মায়ের নাম যুক্ত করেছেন। নামের মাঝখানে মায়ের নাম ব্যবহার করেন মানালী, লেখেন মানালী ‘মনীষা’ দে। এভাবেই নিজের মধ্যে মাকে বাঁচিয়ে রেখেছেন তিনি। মায়ের মৃত্যুর পরে বাবা তাঁর জীবনের সবচেয়ে বড় সঙ্গী। যাঁর সঙ্গে থেকেই এই হারানোর যন্ত্রণা কাটানোর আপ্রাণ চেষ্টা করেন মানালি। ২০২৪ সালে মানালি দাদুকে হারিয়েও ভেঙে পড়েছিলেন। মানালি বিয়ে করেছেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়কে। ‘বউ কথা কও’ ধারাবাহিকে অভিনয় দিয়ে মানালির কেরিয়ার শুরু। ধারাবাহিক এত জনপ্রিয় হয়েছিল, যে মানালিকে সকলে মৌরি নামেই চিনতে শুরু করেছিলেন। এখনও অধিকাংশ মানুষ তাঁকে সেই নামেই চেনেন। ধারাবাহিকে আসার আগে মানালী মডেলিং করতেন। শ্যুটিং ফ্লোরে মা থাকতেন মানালির সঙ্গী। প্রথম ধারাবাহিক শেষ হওয়ার পর ছবিতে অভিনয় করেছেন মানালি। অভিনয় করেছেন ‘প্রাক্তন’, ‘গোত্র’র মতো ছবিতেও।