
বেশ অনেকদিনই হল ছোটপর্দা থেকে দূরে নবনীতা দাস। মাঝে মধ্যেই তাঁকে বিদেশে ঘুরে বেড়াতে দেখা যায়। টলিপাড়ায় নবনীতা ও জিতু কমলের বিচ্ছেদ নিয়ে কম চর্চা হয়নি। ২০২৪ সালে নবনীতার নতুন ফ্ল্যাট কেনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম আলোচনা হয়নি। সেই রেশ কাটতে না কাটতেই বিলাসবহুল গাড়ি কেনা নিয়ে কটাক্ষের মুখে পড়লেন জিতুর বাচ্চা বউ নবনীতা। নেটিজেনদের প্রশ্ন, এত টাকা আসে কোথা থেকে?
টেলি দুনিয়ার পরিচিত নাম নবনীতা। একাধিক সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এখন আর তাঁকে ছোটপর্দায় দেখা যায় না। অভিনয় থেকে অনেকটাই দূরে নবনীতা। আর এই অবস্থায় দামি গাড়ি কিনে নেটিজেনদের একাংশের প্রশ্নের মুখে পড়তে হল তাঁকে। প্রায় ৮০ লক্ষ টাকার চকচকে মার্সিডিজ বেঞ্জ কিনেছেন নবনীতা। আর এত দামি গাড়ি কীভাবে কিনে ফেললেন অভিনেত্রী, সেই প্রশ্নই ভাবাচ্ছে নেটপাড়ার একাংশকে। সোশ্যাল মিডিয়ায় গাড়ি কেনার ছবি ও ভিডিও দিতেই একের পর এক কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে।
কেউ জানতে চাইলেন তাঁর উপার্জনের উৎস আবার কেউ লিখলেন, কাজ তো নেই, টাকা আসছে কোথা থেকে। আবার কেউ বা তাঁর চরিত্র নিয়েও কুমন্তব্য করতে ছাড়েননি। কেউ বা লিখলেন, কোথা থেকে যে এত টাকা পায়। প্রসঙ্গত, দুবছর আগে নতুন ফ্ল্যাট কেনা নিয়েও এই একই ধরনের প্রশ্নের মুখে পড়েছিলেন নবনীতা। তবে নিন্দুকদের পাল্টা জবাব দিয়ে সময় নষ্ট করতে রাজি নন অভিনেত্রী। তিনি বরাবরই নিজের শর্তে জীবন কাটাতে পছন্দ করেন। এবং এ বারও তার ব্যতিক্রম হয়নি।
মহাপীঠ তারাপীঠ-এর মা তারা হিসাবে নবনীতা দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু স্টার জলসার ‘তুমি আশেপাশে থাকলে’ মেগার পর প্রায় দু-বছর ধরে তাঁকে আর কোনও সিরিয়ালে দেখা যায়নি। এর আগে জিতু কমলের সঙ্গে তাঁকে সিরিয়ালে দেখা গিয়েছিল। বিয়ের ফুল সিরিয়ালেও নবনীতা অভিনয় করেছিলেন। তবে এখন তাঁর হাতে সিরিয়ালের কোনও কাজ নেই। মনের মতো চরিত্র না পেলে তিনি অভিনয়ে ফিরবেন না, এটা স্পষ্ট করে দিয়েছিলেন জিতুর প্রাক্তন স্ত্রী।
ছোটপর্দায় দেখা না গেলেও নবনীতা কিন্তু বসে নেই। বর্তমানে তাঁর আয়ের বড় উৎস সোশ্যাল মিডিয়া। শুধু তাই নয়, অভিনেত্রী এখন পুরোদস্তুর ব্যবসায়ী। বন্ধুদের সঙ্গে বেঙ্গালুরুতে নতুন ব্যবসা শুরু করেছেন তিনি, যার সুবাদে নিয়মিত যাতায়াত করতে হয় সেখানে। সম্প্রতি মালেশিয়াও ঘুরতে গিয়েছিলেন তাঁর বন্ধুদের সঙ্গে।