
জানুয়ারি থেকে শুরু হয়েছে টেলিপাড়ায় বিয়ের সানাই। একের পর এক তারকাদের বিয়ে হচ্ছে আর সোশ্যাল মিডিয়ায় তাঁদের সেই ছবি নিমেষে ভাইরাল। এবার বিয়ে করলেন টেলিপাড়ার জনপ্রিয় জুটি প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহা। ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার তাঁদের চারহাত এক হল।
গত বছর থেকেই প্রিয়াঙ্কা ও শুভ্রজিতের বিয়ের গুঞ্জন তুঙ্গে। আংটি বদল ও আইনি বিয়ে সেরে ফেরেছেন তাঁরা। শুধু সামাজিক বিয়ে বাকি ছিল। মঙ্গলবার একেবারে বাঙালি রীতি মেনে বিয়ে করলেন প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ। নবদম্পতির সোশাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের ছবি সেভাবে কিছু না দেখা গেলেও নিমন্ত্রিত ও আত্মীয় বন্ধুরা তাঁদের বিয়ের ছবি ভাগ করে নিয়েছেন। সেই ছবিতে চোখ রাখতেই দেখা গেল সিঁদুরে রাঙা প্রিয়াঙ্কাকে।
টুকটুকে লাল বেনারসিতে প্রিয়াঙ্কা, সোনার গয়না, মাথায় শোলার মুকুট। অন্য দিকে, লাল সিল্কের পাঞ্জাবী আর সাদা সিল্কের ধুতিতে দেখা গেল শুভ্রজিৎকে। ইন্ডাস্ট্রির কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে এই বিয়ের আসর বসেছিল। শুভ্রজিৎ ও প্রিয়াঙ্কা দু’জনেই একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। তাঁদের প্রেমও অনেকদিনের। তাই সকলেই মুখিয়ে ছিলেন কবে চার হাত এক হচ্ছে তা জানার অপেক্ষায়। বিয়ের ছবি প্রকাশ্যে আসার অপেক্ষায় ছিলেন অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়ায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে। গত একমাস ধরে চলছিল প্রিয়াঙ্কা ও শুভ্রজিতের আইবুড়োভাত খাওয়ার পর্ব।
প্রতি বছরই টলিপাড়ার কোনও না কোনও তারকা নতুন জীবন শুরু করেন। এই বছর তা শুরু হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ের খবরে। একই দিনে বিয়ে সারেন বিশ্বাবসু ও ঐশিকী। এরপর বাগদান সেরেছেন অভিনেত্রী অদ্রিজা রায় আর এবার প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ। উল্লেখ্য এই মুহূর্তে শুধু প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ের ছবিই নয় বরং সোশাল মিডিয়ায় মেহেন্দি থেকে বিয়ের নানা অনুষ্ঠান ও নিয়মরীতির মুহূর্তও ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা। পরেছেন শুভ্রজিতের নামে মেহেন্দি। বিয়ের ঠিক আগের দিন সেই ছবিও ভাইরাল নেটপাড়ায়।
২০২৪ সালে সেরেছিলেন আইনি বিয়ে। বছর শুরুর সঙ্গে সঙ্গেই জানা গিয়েছিল যে এবার সামাজিকভাবে চারহাত এক হবে তাঁদের। উল্লেখ্য, এই মুহূর্তে প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’তে। অন্যদিকে শুভ্রজিৎ এর আগে ‘নয়নতারা’, ‘রাখি বন্ধন’ ধারাবাহিকে জনপ্রিয়তা অর্জন করেছেন।