
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নেই। চিরতরে হারিয়ে গিয়েছেন তিনি। ২৯ মার্চ তাঁর আকস্মিক মৃত্যুর ঘটনাকে অনেকেই মেনে নিতে পারেননি। তালসারিতে ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় তাঁর। ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের দিন রাহুলের মৃত্যুর একমাস পূর্ণ হল। রাজ্যে ভোটের আবহ থাকার কারণে সেভাবে হয়তো কেউই উপলব্ধি করতে পারেননি। তবে রাহুলের মৃত্যুর পর থেকেই থম মেরে গিয়েছিলেন স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এবার নীরবতা ভাঙলেন অভিনেত্রী। জানালেন অনেক অজানা কথা।
রাহুলের মৃত্যুর মাঝের ৩০টা দিনে টলিপাড়ায় অনেক কিছুই ঘটে গিয়েছে। দফায় দফায় বৈঠক, আলোচনা, পুলিশের কাছে অভিযোগ জানানো। আর এইসব কিছুতেই ছিলেন প্রিয়াঙ্কা সরকার। এই মৃত্যুশোক ভোলার নয়, তাও সেই শোক কাটিয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছেন প্রিয়াঙ্কা। রাহুলের মৃত্যুর পর তিনি একপ্রকার মৌনই থেকেছিলেন। তবে এবার জানালেন এই কয়েকদিনে তাঁদের পুত্র সহজ ঠিক কেমন ছিল? বর্তমানে তাঁর মনের অবস্থা কী, সেটাও জানিয়েছেন প্রিয়াঙ্কা।
সহজ খুব ছোট থেকেই মা প্রিয়াঙ্কার কাছেই বড় হয়েছে। কারণ সহজ ছোট থাকতেই রাহুল-প্রিয়াঙ্কার বিচ্ছেদের মামলা শুরু হয় তাই তাঁরা আলাদাই থাকছিলেন। তবে বাবার সঙ্গেও সহজের সম্পর্ক ছিল ভীষণ ভাল। মাত্র ১৩ বছর বয়সেই পিতৃশোক পেয়েছে প্রিয়াঙ্কা-পুত্র। অভিনেত্রী তাঁর আগামী সিরিজ কুহেলির প্রচারে এসে একাধিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 'আমি ঠিক বলতে পারব না। কারণ আমরা সকলেই আলাদা আলাদা ভাবে এই মানসিক লড়াইটা করেছি। নিজেদের মতো করে কোপ-আপ করার চেষ্টা করছি। সহজের সঙ্গে কথা হয়নি। ও কী ভাবে নিজেকে সামলাচ্ছে, জিজ্ঞেস করিনি। কারণ সকলেরই তো স্পেস চাই। সহজের কখনও ইচ্ছা করলে, ও নিজেই বলবে।'
প্রিয়াঙ্কা আরও বলেন, সহজ চেষ্টা করছে নিজেকে স্কুলের মধ্যে ব্যস্ত রাখার। প্রতিদিনের যেই লাইফ স্টাইলে মিশে যাওয়ার চেষ্টা করছে। ও কেমন আছে, বা ওর মাথায় কি চলছে, সেটা কিছুদিন পর ও নিজেই বলতে পারবে। আমি যদি বলি ও ঠিক আছে বা যদি এও বলি যে ঠিক নেই, দুটেই আমার দিক থেকে বলা হবে। সহজের নিজের বলার পর্যন্ত অপেক্ষা করা দরকার।
ঠিক যখন ছেলে-বাবার সম্পর্ক আরও ভাল হচ্ছিল, ঠিক সেই সময়ই রাহুলের মৃত্যু। মাত্র ১৩ বছরেই বাবারে হারিয়েছে সে। সহজ কথা যার অনুপ্রেরণাতে খুলেছিলেন রাহুল, সেই সহজের বাবা আর নেই। স্বাভাবিকভাবেই কিশোর মন এখনও দ্বিধাগ্রস্ত। স্বাভাবিক ছন্দে ফিরলেও, হয়তো বাবার স্মৃতিতেই ডুব দেয় রোজ। রাহুলের মৃত্যুর পর মা প্রিয়াঙ্কার সঙ্গে এক ঝলক দেখা গিয়েছিল সহজকে। তারপর আর দেখা যায়নি। প্রিয়াঙ্কার কথায়, সহজ কেমন আছে, সে উত্তর সে নিজেই দেবে।