
শ্যুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। একটি নাচের দৃশ্যে শ্যুট করতে গিয়ে নিতম্বের পেশির টেন্ডনে আঘাত পেয়েছেন অভিনেত্রী। তাঁকে আপাতত ৬ মাসের বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অভিনেত্রী একসঙ্গে দুটি ছবির শ্যুটিং করতে গিয়ে এই বিপত্তি ঘটিয়েছেন।
'রানাবলী' ও 'মাইসা' ছবিতে অ্যাকশন ও নাচের দৃশ্যের শ্যুটিং তিনি একসঙ্গে করছিলেন। তবে তিনি চোট পেয়েছেন 'মাইসা' ছবির শ্যুটিং করতে গিয়ে। যদিও এই চোটের কারণে রশ্মিকার দুটি ছবিকেই এখন অপেক্ষা করতে হবে অভিনেত্রীর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? জানা গিয়েছে, নাচের দৃশ্যর শ্যুটিং চলাকালীন দুর্ঘটনাবশত রশ্মিকা পড়ে গিয়ে চোট পান। দক্ষিণী নায়িকাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই জানা যায় যে তাঁর নিতম্বের পেশির টেন্ডনে আঘাত লেগেছে।
এমনটা সাধারণত ক্রীড়াবিদদের ক্ষেত্রেই ঘটে। কঠোর শারীরিক প্রশিক্ষণ ও অত্যধিক শারীরিক পরিশ্রমের ধাক্কায় এমনটা হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, জোড়া ছবির সেটে অত্যন্ত শ্রমসাধ্য অ্যাকশন দৃশ্য ও নাচের দৃশ্যগুলি তোলা হচ্ছিল। সেই কারণেই এমন গুরুতর আঘাত লেগেছে রশ্মিকার। জুলাইয়ের শুরুর দিকে ‘মাইসা’ ছবিতে জলের তলদেশে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স শ্যুটিংয়ের খবরে শিরোনামে এসেছিলেন রশ্মিকা।
এই প্রথম প্রথম কোনও ভারতীয় অভিনেত্রীকে 'আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স'-এ অ্যাকশন অবতারে দেখা যাচ্ছে। কোনও 'বডি ডাবল' ছাড়া অভিনেত্রী নিজেই সমস্ত অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন। আর জলের নিচে মারপিটের মারপ্যাঁচ যে অত সহজ নয়, তা বলাই বাহুল্য। তবে রশ্মিকা সেই চ্যালেঞ্জ নিয়েছেন। আর তারপরই চোট পেলেন তিনি। এখন সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পর তবেই শ্যুটিং সেটে ফিরতে পারবেন তিনি। এই ঘটনা নিয়ে অভিনেত্রী বা তাঁর দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এখনও।
চলতি বছরেই করেছেন বিয়ে। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি 'ককটেল ২'। মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। সব মিলিয়ে সময় ভালই যাচ্ছিল 'পুষ্পা' খ্যাত অভিনেত্রীর। কিন্তু এর মধ্যেই চোট পেলেন শ্যুটিং করতে গিয়ে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেছে রশ্মিকা ও বিজয় দেবরকোন্ডা। বিয়ের পরে বিজয়ের সঙ্গে 'রাণাবলী' ছবিতে অভিনয় করছেন তিনি। এর আগে তাঁদের রসায়ন ধরা পড়েছে 'অর্জুন রেড্ডী', 'ডিয়ার কমরেড' ও 'গীত গোবিন্দম'-এর মতো ছবিতে।