
মাসি হলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। টলিপাড়ায় শোকের মাঝেই সুখবর চক্রবর্তী পরিবারে। মা হলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সান্যাল। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। যদিও চিত্রাঙ্গদা বা ঋতাভরী কারোর পক্ষ থেকেই এই খবর জানানো হয়নি। চিত্রাঙ্গদার মা হওয়ার ইঙ্গিত মিলেছে পরিচালক শতরূপা সান্যালের পোস্ট থেকে। জানা গিয়েছে, মা ও সদ্যোজাত সুস্থ আছে।
মার্চের শেষেই মা হয়েছেন চিত্রাঙ্গদা। পরিচালক শতরূপা সান্যাল তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া? ব্যস, আর কিছু লেখেননি পরিচালক। তবে কমেন্ট বক্সে শতরূপার পরিচিতরা কমেন্ট করে জানিয়েছেন যে চিত্রাঙ্গদার ছেলে হয়েছে, নাতি এসেছে চক্রবর্তী পরিবারে। চিত্রাঙ্গদা বা ঋতাভরীর পক্ষ থেকে এখনও এই সুসংবাদটি জানানো হয়নি। তবে শতরূপা সান্যালের এই পোস্ট থেকে স্পষ্ট যে মার্চের শেষেই সন্তানের জন্ম দিয়েছেন চিত্রাঙ্গদা। যদিও এখনই সরাসরি এই বিষয়ে মুখ খুলতে রাজি নয় দুই পরিবার।
মা হবেন চিত্রাঙ্গদা এই খবরও জানা যায় ফেব্রুয়ারির শেষে। সাধ খাওয়ার কিছুদিন আগে চিত্রাঙ্গদা নিজের বেবিবাম্পের ছবি পোস্ট করে ঘোষণা করেন যে তিনি মা হতে চলেছেন। অন্তৃঃসত্ত্বা অবস্থাতেই তাঁর আসন্ন ছবি ‘ম্যায় অ্যাক্টর নহি হুঁ’র জন্য আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হয়েছেন চিত্রাঙ্গদা। ছবিতে তিনি নওয়াজউদ্দীন সিদ্দীকীর বিপরীতে অভিনয় করেছেন। সেই ছবি মুক্তি পাবে মে মাসে। প্রেগন্যান্ট হওয়ার পর কলকাতাতেই থাকছিলেন চিত্রাঙ্গদা। এখানেই সাধের অনুষ্ঠানও হয় তাঁর।
ভীষণ খুশি ঋতাভরীও। মাসি হতে চলেছেন তিনি। দিদির সাধের দিন বেবিবাম্প আগলে ছবিও তোলেন তিনি। কিন্তু, ‘মাসি’ হওয়ার পর একেবারে ‘স্পিকটি নট’ ঋতাভরী। যদিও আদরের দিদিকে দ্বিতীয়বার সাধে বিরিয়ানি খাইয়ে দিয়েছিলেন ঋতাভরী। ২০২২ সালের শেষে দীর্ঘদিনের বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রাঙ্গদা। বিয়ের ৪ বছর পর তাঁদের কোলে এল নতুন অতিথি। ঋতাভরীর মতো তাঁর দিদিও অভিনয়ে পারদর্শী। তবে বাণিজ্যিক ছবির চেয়ে নায়িকার ঝুলিতে রয়েছে অন্য রকমের ছবি। সিনেমা, সিরিজ সবেতেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন। চিত্রাঙ্গদা ও সম্বিত দীর্ঘদিনের বন্ধু। তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ২০২১ সালেই। কিন্তু করোনার জন্য পিছিয়ে যায় সেই বিয়ে। ২০২২ সালে অবশেষে তাঁদের বিয়ে হয়। সম্বিত পেশায় সঙ্গীতশিল্পী। সম্বিত বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের ছেলে। আপাতত খুদে অতিথিকে নিয়ে মেতে রয়েছেন সকলে।