
কিছুদিন আগেই নিজের প্রেগন্যান্সির কথা ঘোষণা করেছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। বিয়ের চারবছর পর মা হচ্ছেন অতি উত্তম-এর অভিনেত্রী। আর প্রেগন্যান্ট হওয়া মানেই একাধিক বিধি নিষেধ মেনে চলা, সাবধানে থাকা। কিন্তু সেইসব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেবিবাম্প নিয়েই গভীর সমুদ্রে ঝাঁপ দিলেন রোশনি। জয় করলেন নিজের ভয়কে।
বিয়ের চার বছর পর মা হচ্ছেন রোশনি। থাইল্যান্ডে সি বিচের সামনে স্বামী তূর্যকে নিয়ে তাঁর প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন তিনি। এদিন রোশনি একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে সুইম স্যুট ও তার ওপরে লাইফ জ্যাকেট পরে দেখা গিয়েছে। মুখে অক্সিজেনের নল। এরপর রোশনি মুখে অক্সিজেনের নল নিয়েই বলেন তিনি রেডি। এরপরই স্লিপ কেটে সটাং সমুদ্রের নীল জলে ঝাঁপ লাগান। ভিডিওতে রোশনিকে সাঁতার কাটতেও দেখা গিয়েছে মনের সুখে। রোশনি এই ভিডিও শেয়ার করে জানিয়েছেন যে তিনি বাঁধাধরা ছক ছেড়ে বেরোতে চাইছিলেন, নিজের ভয়কে নিয়ন্ত্রণে রাখতে চাইছিলেন এবং বোকা বোকা উপদেশ থেকে নিজেকে দূরে রাখতেই তিনি ওয়াটার স্পোর্টস করেন।
বেবিবাম্প নিয়ে এভাবে সমুদ্রের জলে ঝাঁপ দেওয়া সত্যিই দুঃসাহসিক কাজ করেছেন রোশনি। আসলে এই সময় খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয় হবু মায়েদের। বেশি দৌড়-ঝাঁপ না করা, কাজ না করা, একেবারে বিশ্রামে থাকার উপদেশ আগে দিয়ে থাকতেন মা-কাকিমারা। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে সব নিয়মই বদলেছে। এখন হবু মায়েদের অ্যাক্টিভ থাকার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। খুব বেশি শারীরিক জটিলতা না থাকলে এখন অনেক মহিলাই প্রেগন্যান্সির সময়ে জিম, যোগা, হালকা শারীরিক কসরৎ, ডান্স করে থাকেন। শুভশ্রীকেও তাঁর দ্বিতীয় প্রেগন্যান্সিতে শরীরচর্চা করতে দেখা গিয়েছিল।
২০২২ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। বিয়ের চারবছর পরে মা হচ্ছেন রোশনি। একটা সময় চুটিয়ে ছোটপর্দায় কাজ করেছেন রোশনি। মাঝে ধারাবাহিক থেকে বিরতি নিয়ে বড়পর্দায় মন দিয়েছিলেন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে, কখনও আবার পথিকৃৎ বসু পরিচালিত ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিতে মিঠুন চক্রবর্তীর বিপরীতে দেখা গিয়েছে রোশনিকে। বহুদিন পরে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে ফিরেছিলেন। যদিও সেই ধারাবাহিক মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। তার পরে কাজে ফেরেননি রোশনি। অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রী নতুন কাজে হাত দেবেন কি না, আপাতত সেটাই দেখার।