
টলিপাড়ায় একের পর এক নায়িকার মা হওয়ার খবর। প্রথমে শ্রীময়ী, তারপর সোহিনী, পিয়ান আর এখন রোশনি ভট্টাচার্য। ছট পুজোর দিনেই রোশনি-তূর্যর ঘরে লক্ষ্মীর আগমন হল। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করেছেন তাঁরা। চলতি বছরের মে মাসেই থাইল্যান্ডে নীল সমুদ্রের ধারে বর তূর্যর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত তৈরি করে নিজের প্রেগন্যান্সির খবর সামনে আনেন রোশনি। গর্ভাবস্থার নানান মুহূর্ত শেয়ার করে নিয়েছিলেন রোশনি। ছট পুজোর দিনেই রোশনি-তূর্যর সংসারে এল ফুটফুটে কন্যা। জানা গিয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। সোশ্যাল মিডিয়া পেজে এই খবর শেয়ার করেছেন অভিনেত্রী।
কন্যাসন্তানের মা হয়েছেন রোশনি। সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রোশনি-তূর্য লিখেছেন, আর এভাবেই আমাদের জীবন অফুরন্ত মিষ্টতায় আর অঢেল আদুরে মুহূর্তে ভরে উঠল। এই খবর ভাগ করে নিতেই টলিপাড়ার অনেকেই রোশনিকে শুভেচ্ছা জানিয়েছেন। মা হওয়ার প্রতিটা মুহূর্তকে সুন্দরভাবে উপভোগ করেছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা হওয়ার পর কাজ থেকে বিরতি নিয়েছিলেন। সেপ্টেম্বরে সাধের অনুষ্ঠানে রোশনির চোখে-মুখে ছিল প্রেগন্যান্সি গ্লো। অবশেষে মা হওয়ার ইচ্ছা পূরণ হল টেলিপাড়ার খলনায়িকার।
একসময় চুটিয়ে ছোটপর্দায় কাজ করেছেন রোশনি। ওয়েব সিরিজ ও সিনেমাতেও নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন নায়িকা। টেলিভিশনে তাঁকে খলচরিত্রেই বেশি দেখা যেত। পথিকৃৎ বসুর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিতে কাজ করেছেন। তারপর দীর্ঘদিন বিরতি নেন তিনি। বহুদিন পর ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের হাত ধরে ফের ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী। যদিও এই ধারাবাহিক মাঝপথে বন্ধ হয়ে যায়। আপাতত কোনও সিরিয়াল বা প্রজেক্টের সঙ্গে যুক্ত নন তিনি।
২০২২ সালে ব্যবসায়ী তূর্য সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রোশনি। দাম্পত্যের চার বছর পর প্রথম মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী। গত মে মাসে থাইল্যান্ডে স্বামীর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন রোশনি। ছুটি কাটাতে গিয়ে দাম্পত্যের দুষ্টু-মিষ্টি মুহূর্ত শেয়ার করেন তিনি। আর সেখানেই এক ভিডিওর মাধ্যমে রোশনি জানান যে তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন। এই মুহূর্তে নতুন মায়েদের তালিকাটা বেশ দীর্ঘ। আর সেখানে সংযোজন হল রোশনির নামও।