
টলিপাড়ার পাওয়ার কাপল হিসাবে পরিচিত দেব ও রুক্মিণী মৈত্র। তাঁদের দুষ্টি-মিষ্টি প্রেমের খবর টলিপাড়ায় জানেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। যদিও এই জুটি কবে বিয়ে করবেন, তা জানা নেই কারোরই। ১২ বছর ধরে দেব-রুক্মিণীর প্রেম হলেও এবার নায়িকাকে বিয়ে করার জন্য উঠেপড়ে লেগেছে একজন। সোশ্যাল মিডিয়ায় দেবের প্রেমিকাকে ইতিমধ্যেই নিজের প্রেমের কথা জানিয়ে দিয়েছে সে। মজার বিষয় হল, রুক্মিণী নিজেও স্বীকার করেছেন যে তিনি এখন সিঙ্গল। তাই বলাই চলে রুক্মিণীকে পেতে ময়দানে এখন দেবের প্রতিদ্বন্দ্বী চলে এসেছে।
দেবের সেই প্রতিদ্বন্দ্বীর নাম শিব। রুক্মিণীর সৌন্দর্যে মুগ্ধ সে। তাকে পাওয়ার আশা করে আছে অধীর আগ্রহে। রুক্মিণীও কিন্তু রাজি আছে। নিজের সোশ্যাল মিডিয়া পেজে শিবের সেই বিয়ের প্রস্তাবের ভিডিও শেয়ার করেছে। আর তা দেখেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। আসলে রুক্মিণীর প্রেমে পাগল সেই শিবের বয়স মেরেকেটে ৬ বছর হবে। রুক্মিণীর খুদে প্রেমিক কিন্তু দেবের কাছে একেবারে চ্যালেঞ্জ দিয়ে ফেলেছে। নায়িকাকে পেতে রীতিমতো মরিয়া সেই খুদে। কী বলছে ভিডিওতে শিব?
ভিডিওতে শিবকে তার বাবার কাছে আবদার করে বলতে শোনা যায়, বাবা একটা কথা বলতে পারি? ছেলের কথা শুনে বাবা কথাটা বলার সম্মতি দেয়। বাবার থেকে অভয় পেয়ে শিব বলেন, দেব আঙ্কেলের কি বিয়ে হয়ে গেছে? সেই উত্তর শুনে বাবা বলেন যে না, হয়নি। আর পাশ থেকে শিবের দিদি বলে দেবের সঙ্গে রুক্মিণীর বিয়ে হয়ে গেছে। সঙ্গে এও বলে শিব বিয়ে করতে চায় রুক্মিণীকে। এই কথা শুনে একেবারে না দমে ৬ বছরের প্রেমিক বলে ওঠে, রুক্মিণী খুব বিউটিফুল (সুন্দরী)। এরপর পাশ থেকে শিবের দিদি আরও বলে ওঠে যে দেব ও রুক্মিণীর নাকি সন্তানও আছে। এই কথা শুনে কিছুটা দমে গিয়ে শিব বলে, তাহলে কি আর বিয়ে করতে পারব না? শিব বলে, আস্তে আস্তে তো বড় হবো। খুদের দিদি বলে যে রুক্মিণী তো খুব লম্বা। তখন শিব বলে যে সেও তো আস্তে আস্তে লম্বা হবে। শিবের বাবা এরপর বলেন যে তিনি জেনে এসে তাঁর ছেলেকে এর জবাব দেবেন।
অন্যদিকে এই ভিডিও ভাইরাল হতেই তা রুক্মিণীর নজর এড়ায়নি। নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই রিল শেয়ার করে রুক্মিণী লেখেন, হ্যালো হ্যান্ডসম! তুমি চিন্তা করো না, আণি এখনও সিঙ্গল এবং আমি তোমার জন্য অপেক্ষা করতে পারব। তাড়াতাড়ি লম্বা হয়ে যাও। খুদের এই ভিডিও যে নায়িকার মন ছুঁয়ে গেছে, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, ৪৩ বছর বয়সেও সিঙ্গল দেব। রুক্মিণীর সঙ্গে চুটিয়ে প্রেম করলেও বিয়েটা কবে করবেন তা জানা নেই। এখন দেব ও রুক্মিণী দুজনেই নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত।