
কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। শোভন ও তাঁর ঘরে এসেছে খুদে বীরপুরুষ। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোহিনী। জুন-জুলাই থেকেই সোহিনীর মা হওয়ার খবর শোনা যাচ্ছিল। যদিও জুলাইতে তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকীরল দিনে দুই থেকে তিন হওয়ার খবর শেয়ার করেন তারকা দম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহিনী জানিয়েছেন তাঁর প্রথম মাতৃত্ববোধ তৈরি হয়েছিল কবে থেকে?
সাক্ষাৎকারে সোহিনী বলেন, 'মা হওয়ার ইচ্ছা স্বাভাবিকভাবে একটা বয়সের পরে শারীরিকভাব, মানসিকভাবে হয়তো অনেক মহিলার মনেই তৈরি হয়। আবার কারোর কারোর তৈরি হয় না।' অভিনেত্রী জানান যে তিনি একটা বয়সের পর একা থাকতে শুরু করেন এবং তাঁর বাড়িতে নিজে থেকেই কুকুর-বিড়ালরা চলে আসে, তাঁকে জোটাতে হয় না। ফলে তাদের একটা যত্ন, খেয়াল রাখতে গিয়ে, তাদের জন্য ঠিক সময়ে বাড়ি ফেরা, সেখান থেকেই সোহিনীর মধ্যে মাতৃত্ববোধ জন্মায়। সোহিনী এও বলেন যে তার আগে তিনি কোনওদিনও মা হবেন, সেটা ভাবেননি।
অভিনেত্রী বলেন যে কেউ তার জীবনে আসবে তার ওপর নির্ভর করে, তার মুখের দিকে তাকিয়ে, এটা কোনওদিনই তিনি ভাবেননি। অভিনেত্রী বলেন, 'একটা সময়ে ৩০-এর পর থেকে, বেড়াল-কুকুরের যত্ন করতে করতেই, আমার মধ্যে সেই বোধটা নিজে থেকে তৈরি হয়। যখন প্রথমেই শোভনের সঙ্গে সম্পর্কে যাই, সেটা শেয়ার করি। শোভনের একটা গানের স্কুল আছে, যেখানে প্রচুর ছোট ছোট শিশুরা আছে, তাদেরকে দেখে আমি আর শোভন যেভাবে খুশি হই, এর থেকেই বোঝা যায় যে আমরা দুজনেই বাচ্চা ভালোবাসি।'
প্রসঙ্গত, বিয়ের দু'বছরের মাথায় প্রথম সন্তান এল সোহিনী ও শোভনের বোহেমিয়া জীবনে। চলতি বছরের জুন মাসেই খবর রটেছিল যে প্রেগন্যান্ট সোহিনী। যদিও নায়িকা কিংবা শোভন, উভয়ের কেউই এই বিষয়ে সরাসরি মুখ খোলেননি। তবে জুলাইতে সোহিনী ও শোভনের বিবাহবার্ষিকীর দিন প্রথমবার তারকা দম্পতি এই সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেই শ্যুটিং করেছেন বহুরূপী ২, অজেয়া সিরিজ ও বেগুনি রঙের আলো সিনেমায়। একাধিক সাক্ষাৎকারে সোহিনী নিজের প্রেগন্যান্সির জার্নির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
অবশেষে পুজোর আগেই নতুন অতিথি এল তাঁদের সংসারে। গর্ভাবস্থার আটমাসেও কোনও সমস্যা ছাড়াই কাজ চালিয়েছেন সোহিনী, কারণ তিনি বাড়িতে বসে থাকতে চাননি। শহরের একটি বেসরকারি হাসপাতালে ২০ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দেন সোহিনী। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি একটি কার্ড শেয়ার করে এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। শোভন-সোহিনী লেখেন, আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।