
বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে সোজা সাপ্টা কথা বলতেই অভ্যস্ত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। একসময় বড়পর্দায় ও টেলিভিশনে নিয়মিত দেখা গেলেও বর্তমানে খুব কম কাজই করছেন অভিনেত্রী। অনির্বাণ ভট্টাচার্যের মতো তাঁকেও ব্যান করা হয়েছিল, সে কথা বারংবার বলে এসেছিলেন শ্রীলেখা। এমনকী, কিছুমাস আগেও প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরামের বৈঠকেও তাঁকে অপমানিত হতে হয় বলে জানা গিয়েছিল। কাঁদতে কাঁদতে বৈঠক ছেড়েছিলেন তিনি। তখন কারণ সামনে না এলেও ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই টলিপাড়ার বেশ কিছু তারকা জানান যে স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই কোণঠাসা করা হয় অভিনেত্রীকে। এবার টলিপাড়ায় বিশ্বাস ব্রাদার্স-এর ভাইফোঁটা নিয়ে সরব হলেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক বোমা ফাটালেন অভিনেত্রী।
'বিশ্বাস ব্রাদার্স'-এর আমলে রাখি ও ভাইফোঁটা টলিপাড়ায় যেন এক উৎসবের রূপ নিত। রীতিমতো বড়সড় আয়োজন করে তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে রাখি পরাতে আসতেন ইন্ডাস্ট্রির ছোট ও বড়পর্দার নায়িকারা। একই দৃশ্য দেখা যেত ভাইফোঁটার দিনও। যেখানে অরূপ বিশ্বাসকে ফোঁটা দিতেন টলিউডের একাধিক অভিনেত্রীরা। এদিন শ্রীলেখা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন (ভিডিওর সত্যতা আজতক বাংলা যাচাই করেনি)। যেখানে গত বছরের ভাইফোঁটায় অরূপ বিশ্বাসকে ফোঁটা দিচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ভিডিওতে দেখা গিয়েছে, ঋতুপর্ণা তৎকালীন মন্ত্রীকে ফোঁটা দিয়ে প্রণাম করেন এবং অরূপ বিশ্বাস আশীর্বাদ করলেন নায়িকাকে। শ্রীলেখা এই ভিডিও শেয়ার করে লেখেন, প্রতারণাকে বেছে নেওয়ার জন্য গ্রামটি জনশূন্য হয়ে পড়েছে।
এর পাশাপাশি শ্রীলেখা আরও একটি ছবি শেয়ার করেছেন। যেখানে অপরাজিতা আঢ্যকে ফোঁটা দিতে দেখা যাচ্ছে অরূপ বিশ্বাসকে। এর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ইনা মীনা ডিকা...কোনটা 'বিশ্বাস' করবেন সেটা আপনাদের ওপর ছাড়সাম। আসলে স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর পরই মুখ খুলেছিলেন অপরাজিতা। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে 'যে কথা শুনবে না, তাঁর কেরিয়ার শেষ'। আর অভিনেত্রীর এই মন্তব্যের পাল্টা দিতে দেখা গেল শ্রীলেখাকে।
প্রসঙ্গত, রাহুলের মৃত্যুর বিষয়ে আর্টিস্ট ফোরামের বৈঠকে সেদিন যে শ্রীলেখা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খোলার জন্যই তাঁকে অপমান করা হয়েছিল, তা অনেক তারকাই সহমত পোষণ করেছেন। শ্রীলেখা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে স্পষ্ট জানিয়েছেন যে গত দশ বছর ধরে অভিনেত্রী তৃণমূল ও ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণকারী তথাকথিত শিল্পীদের দ্বারা ব্যান ছিলেন। প্রসঙ্গত, এই নিয়ে একাধিকবার সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন।