Advertisement

Subhashree Ganguly Stucked at Dubai: দুবাইতে আটকে শুভশ্রী-ইউভান, কেমন আছেন স্ত্রী-পুত্র? জানালেন রাজ

পশ্চিম এশিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় বন্ধ বিমান চলাচল। এমন পরিস্থিতিতে দুবাইতে গিয়ে আটকে পড়েছেন টলিপাড়ার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও তাঁর ছেলে ইউভান।

দুবাইতে আটকে শুভশ্রী ও ইউভানদুবাইতে আটকে শুভশ্রী ও ইউভান
মৌমিতা ভট্টাচার্য
  • কলকাতা,
  • 01 Mar 2026,
  • अपडेटेड 1:26 PM IST
  • দুবাইতে গিয়ে আটকে পড়েছেন টলিপাড়ার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও তাঁর ছেলে ইউভান।

মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমেরিকা-ইজরায়েলের। রবিবার ভোরে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই। শনিবার সরাসরি ইরানের উপর হামলা চালিয়েছিল ইজরায়েল ও আমেরিকার যৌথ বাহিনী। পশ্চিম এশিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় বন্ধ বিমান চলাচল। এমন পরিস্থিতিতে দুবাইতে গিয়ে আটকে পড়েছেন টলিপাড়ার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও তাঁর ছেলে ইউভান। কলকাতায় বসে উদ্বিগ্ন রাজ চক্রবর্তী জানালেন কেমন আছেন তাঁর স্ত্রী-পুত্র?

bangla.aajtak.in-কে রাজ চক্রবর্তীর টিমের পক্ষ থেকে জানানো হয় যে আপাতত শুভশ্রী ও ইউভান হোটেলে রয়েছেন। তাঁরা ভাল আছেন। নিরাপদেই আছেন পরিচালকের স্ত্রী ও পুত্র। জানা গিয়েছে, শনিবারই দুবাইতে পৌঁছেছেন শুভশ্রী ও ইউভান। কিন্তু এদিন থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে সেখানে। খুব চিন্তায় ছিলেন পরিচালক। কারণ শুভশ্রীর সঙ্গে ছেলেও রয়েছে। জানা গিয়েছে যে ওখানকার পাম জুমেইরাতে উঠেছেন নায়িকা ও তাঁর ছেলে। ওই হোটেলের কিছুটা দূরেই বিস্ফোরণ হয়। এই মুহূর্তে ওখানে সরকারের তরফে নির্দেশিকা জারি করে প্রত্যেককে বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে।

রাজের টিমের পক্ষ থেকে এও জানানো হয় যে দুবাইতে তাঁদের বন্ধু-আত্মীয়রা রয়েছেন। তাঁরাই সামলাচ্ছেন শুভশ্রী ও ইউভানকে। স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন পরিচালক ও তাঁর পরিবার। প্রসঙ্গত, ইউভানের স্কুলের ছুটি থাকার কারণে ছেলেকে নিয়ে দুবাই ঘুরতে যান শুভশ্রী। বিমানবন্দরে পা রাখার কিছু ক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় বিমান চলাচল। ছেলেকে নিয়ে শুভশ্রী নিরাপদেই পৌঁছে যান নির্দিষ্ট হোটেলে। সেখানেই রয়েছেন তাঁরা। রাজও তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। 

আমেরিকা-ইজরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে ইরানের উপর। সেই আক্রমণে প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেছেন। এমনকী ইরানের সরকারি সংবাদমাধ্যমও স্বীকার করেছে যে মৃত্যু হয়েছে খামেনেইয়ের। 

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement