
বাংলা ইন্ডাস্ট্রিতে দেব-শুভশ্রীর প্রেম ছিল ওপেন সিক্রেট। সকলেই জানতেন তাঁদের রোম্যান্সের কথা। অথচ মুখ ফুটে কিছুই তাঁরা বলতেন না। প্রকাশ্যে আসেনি তাঁদের প্রেমের কাহিনী। অনস্ক্রিন জুটি হিসাবে দেব-শুভশ্রী ছিলেন সুপারহিট। যেভাবে প্রেমের খবর সামনে আসেনি, তেমনি তাঁদের ব্রেকআপ কেন হয়েছিল, তা আজও অজানা। যদিও সব মান-অভিমান ভুলে ধূমকেতু মুক্তির আগেই তাঁদের একফ্রেমে দেখে উচ্ছ্বসিত হন দর্শকেরা। আর ধূমকেতুর পর এবার দেশু৭-এও জুটি বাঁধছেন দেব-শুভশ্রী। ইতিমধ্যেই এই ছবির প্রচার শুরু হয়ে গিয়েছে। এবার শেষদিনের শ্যুটিংয়ে দেবকে নিয়ে আবেগঘন চিঠি লিখলেন শুভশ্রী।
দেবের সব প্রথমের সাক্ষী তাঁর ‘প্রাক্তন’ শুভশ্রী। এবারও অন্যথা হল না। দেব পরিচালিত প্রথম ছবির নায়িকা রাজ ঘরণী। বুধবার আনুষ্ঠানিকভাবে শেষ হল দেশু৭-এর শ্যুটিং। আর এই বিশেষ দিনে শ্যুটিংয়ের কিছু ছবি শেয়ার করে প্রাক্তনকে খোলা চিঠি দিলেন শুভশ্রী। নায়িকা লিখলেন, প্রিয় দেব, আজকে দেশু৭-এর শেষদিনের শ্যুটিং, তাই ভাবলাম এই কথাটা প্রকাশ করি। আমাদের দুজনের সফর কম-বেশি প্রায় একই সময়ে শুরু হয়েছিল। কিন্তু এবারের অভিজ্ঞতা অন্যরকম ছিল, কারণ আমি তোমার প্রথম পরিচালিত ছবিতে কাজ করছিলাম। দেবের প্রাক্তন প্রেমিকা বলেন, আমি তোমাকে এবং তোমার ভাবনাকে জীবন্ত হয়ে উঠতে দেখেছি। এটা তোমার সম্পূর্ণ অন্য একটা রূপ ছিল। সত্যি বলতে, প্রথমদিকে আমি কিছুটা ইর্ষান্বিতই হয়েছিলাম। তুমি একজন পরিচালক হিসেবে কতটা স্পষ্ট ও গুছোনো, তা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম।
শুভশ্রী এরপর বলেন, ছবি বানানোর দৃষ্টিভঙ্গি ও চিত্রনাট্য নিয়ে তুমি এতটা স্পষ্ট ও সর্টেড কীভাবে হতে পারো তা দেখে অবাক হয়েছিলাম! ভেবেছিলাম— বিভিন্ন চরিত্রে অভিনয় করার মাঝে হঠাৎ করে পরিচালক হিসেবে এত কিছু কখন আর কীভাবে শিখে গেল? কিন্তু দিন গড়ানোর সাথে সাথে আমার সেই হিংসাটা অনুপ্রেরণায় বদলে যায়। শুভশ্রীর কথায়, তোমার সাথে এই নতুন যাত্রা ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। আমি মন থেকে বিশ্বাস করি যে Desu7 যখন মুক্তি পাবে, আমাদের ইন্ডাস্ট্রি একজন নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা পাবে—যে নিষ্ঠার সাথে গল্প বলবে এবং সাধারণ দর্শককে বিনোদন জোগাবে। দেবের জন্য শুভশ্রী যে গর্বিত, তা চিঠিতে জানাতে ভুললেন না।
গত বছরের অগাস্টে মুক্তি পায় দেব-শুভশ্রীর সিনেমা ধূমকেতু। যদিও এই ছবির শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। তখন দেব-শুভশ্রীর ব্রেকআপ হয়ে গিয়েছে। প্রায় ১০-১১ বছর পর এই ছবি মুক্তি পায়। ছবির প্রমোশনে একসঙ্গে ধরা দিয়েছিলেন তাঁরা। এই ছবির পর দর্শকদের দাবি ছিল আবার বড়পর্দায় ফিরুক এই জুটি। দর্শকদের দাবি মেনে এই বছরের শুরুতেই দেশু৭-এর ঘোষণা করা হয়। পুজোর সময় এই ছবি মুক্তি পাবে।