
একটা সময়ে টলিপাড়ার ওপেন সিক্রেট ছিল দেব ও শুভশ্রীর প্রেমের কাহিনী। তাঁদের রোম্যান্সের কথা অজানা ছিল না কারোরই। তাঁদের জুটি যেমন বড়পর্দায় হিট ছিল, তেমনই বাস্তবেও তাঁরা ছিলেন 'পাওয়ার কাপল'। তবে তাঁদের প্রেমের কথা যেমন কখনও প্রকাশ্যে আসেনি তেমনি তাঁদের ব্রেকআপ কী কারণে হয়েছে, সেটাও অজানা। সময় এগিয়ে গিয়েছে দেব ও শুভশ্রী নিজেদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন মানুষের হাত ধরেছেন। ধূমকেতুর পর সেই প্রাক্তন জুটিকে ফের দেখা যাবে পুজোর সময়। আর রবিবার দেশু ৭-এর শুভ মহরৎ-এ একে-অপরের চোখে হারালেন দেব-শুভশ্রী।
এদিন প্রাক্তন জুটির ছিল রং মিলান্তি। দুজনেই সাদা রঙের পোশাক পরেছিলেন। শুভশ্রীর পরনে ছিল সাদা রঙের শাড়ি ও স্লিভলেস ব্লাউজ, মাথার খোঁপায় সাদা ফুল ও সঙ্গে মানানসই গয়না। অপরদিকে দেব পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি ও পায়জামা। দেব-শুভশ্রীর দিক থেকে নজর সরানো বেশ মুশকিল ছিল। এদিন মহরৎ-এর একাধিক ছবি শেয়ার হয় সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই ধরা পড়ল দেব-শুভশ্রীর সেই পুরনো রসায়ন। একে-অপরের চোখে হারালেন তাঁরা, কখনও আবার শুভশ্রীর চোখ সরল না প্রাক্তন দেবের থেকে। সব মিলিয়ে পুজোতে দেশু ৭ আসার আগেই এই জুটি দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে দিয়েছে।
আসলে দেব খুব ভাল জানেন কীভাবে তাঁর ভক্ত-অনুরাগীদের মন জয় করা যায়। তাই তাঁর ছবি মুক্তির আগে থেকেই প্রচার কৌশলে থাকে নানান চমক। আর দেব এটাও জানেন পর্দায় তাঁর সঙ্গে শুভশ্রীকে দেখার জন্য দর্শকেরা রীতিমতো পাগল। ধূমকেতু-র সময়ই ব্রেকআপের পর প্রথমার দেবের সঙ্গে মঞ্চে এসেছিলেন শুভশ্রী। সেদিনও তাঁদের পরনে ছিল কালো রঙের পোশাক। আর দেশু ৭-এর মহরৎ-এও তাঁদের ফের রং মিলান্তি পোশাকে দেখা গেল। রাজ চক্রবর্তীর ঘরনী হিসেবে শুভশ্রী আজ সংসারী ও দুই সন্তানের মা, আর দেবও নিজের ব্যক্তিগত জীবনে রুক্মিণীর সঙ্গে থিতু।
কিন্তু আজও দেব-শুভশ্রীর সম্পর্কের খবর আগের মতোই টাটকা। চ্যালেঞ্জ ছবির মাধ্যমে দেব-শুভশ্রীর প্রেমের শুরু। কিন্তু কিছু বছর পরই তাঁদের ব্রেকআপ হয়। সিনেমার রিল লাইফ প্রেম কখন যে রিয়েল লাইফে গড়িয়েছিল, তা টের পেয়েছিল পুরো টলিপাড়া। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যেত, দুজনে নাকি বিয়ে করার কথাও ভেবে ফেলেছিলেন!কোনো এক অজ্ঞাত কারণে আচমকাই ছন্দপতন ঘটে। ব্রেকআপের কারণ যাই হোক না কেন, ২০১২-১৩ সালের দিকে এই হাই-প্রোফাইল জুটির প্রেমে চিরস্থায়ী ফাটল ধরে।
অতীতের সব অভিমান ও তিক্ততা ভুলে এই কামব্যাক শুধু অভিনয়ের খাতিরে নয়, বরং এবার সমীকরণটা আরও একধাপ উপরে। কারণ এবার শুভশ্রীর পারফরম্যান্সের রাশ থাকবে খোদ পরিচালক দেবের হাতে। রাজ চক্রবর্তীর ঘর থেকে বেরিয়ে প্রাক্তন প্রেমিক দেবের পরিচালনায় শুভশ্রী কতটা সাবলীল হতে পারেন, এখন সেটাই দেখার। অনির্বাণ ভট্টাচার্য এবং কাঞ্চন মল্লিকের মতো হেভিওয়েট কাস্টিং এই ছবিতে থাকলেও, স্পটলাইট যে পুরো মাত্রায় দেব-শুভশ্রীর এই ‘রি-ইউনিয়ন’-এর ওপরেই থাকবে, তা হলফ করে বলা যায়। পুজোর সময় দেশু ৭ মুক্তি পাবে, যার অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই।