
গত ১০ বছর ধরে 'দিদি নম্বর ১'-এর রাশ ধরে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এ কথা স্বীকার না করে উপায় নেই যে, রচনার কারণেই 'দিদি নম্বর ১'-এর জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে পালা বদল হতেই টলিপাড়ার অনেক চিত্রও বদলে যায়। আর তখনই 'দিদি নম্বর ১' থেকে সরিয়ে দেওয়া হয় রচনাকে। জুন থেকে এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যয়। প্রথমদিকে যখন স্বস্তিকা এই শোয়ের সঞ্চালনা করতে শুরু করেন, তখন সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে এখন পরিস্থিতি অনেকটাই আলাদা। দর্শকদের মন জয় করতে পেরেছেন নতুন দিদি স্বস্তিকা। তবে দিদি নম্বর ১-এ সঞ্চালনার দায়িত্ব পেয়ে বেশ অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী।
এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন যে যখন তাঁর কাছে এই শোয়ের প্রস্তাব প্রথম যা, তখন কিছুটা তিনি ঘাবড়ে গিয়েছিলেন। স্বস্তিকা বুঝতে পারেননি কেন তাঁকে ফোন করা হয়েছে। ফোন আসার কিছুদিন আগেই ‘কালিপটকা’ সিরিজের প্রমোশনের জন্য দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানে গিয়েছিলেন তাই আবার কেন তাঁকে ফোন করা হচ্ছে এই বিষয়টি বুঝতে কয়েক মিনিট লেগে গিয়েছিল স্বস্তিকার। এরপর ফোন পাওয়ার পর স্বস্তিকা মনে করছিলেন যে রচনা ও তিনি একসঙ্গে হয়তো দিদি নম্বর ওয়ান সঞ্চালনা করবেন।
কিন্তু পরে যখন তাঁকে পুরো বিষয়টি পরিষ্কার করে বলা হয় তখন স্বস্তিকা কিছুটা সময় চেয়ে নিয়ে প্রথমেই বোন অজপাকে ফোন করেন। স্বস্তিকা জানান যে বোন অজপার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করে তারপর হ্যাঁ বলেন। রচনার জুতোয় পা গলানো নিয়ে স্বস্তিকা নিজেও কিছুটা দ্বিধায় ছিলেন। পরে অবশ্য হ্যাঁ করে দেন তিনি। স্বস্তিকা বলেন, বিশ্বাস এটাই ছিল যে আমাকে আমার মতো করে চেষ্টা করতে হবে। আমি আমার মতো করে চেষ্টা করব। আমার যেরকম ব্যক্তিত্ব বা আমার যেগুলো ভাল লাগা বা আমি যেগুলো পারি, সেগুলো আমাকে আনতে হবে। অভিনেত্রী এও বলেন যে সোশ্যাল মিডিয়া যুগে সকলেই জানেন তিনি কেমন বা তাঁর জীবনযাপন কেমন। এই মঞ্চে স্বস্তিকা এসেছেন তাঁর পুরো প্যাকেজটা নিয়েই। আর তাই স্বস্তিকাকে নতুন দিদি হিসাবে মেনে নিতে দর্শকদের খুব একটা সময় লাগেনি।
এই মুহূর্তে বেশ জনপ্রিয়তার সঙ্গে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন দিদি নম্বর ওয়ানের সঞ্চালনার কাজ। গত দশ বছরের রচনার বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার নিরিখে স্বস্তিকা মুখোপাধ্যায়ের জনপ্রিয়তাও নেহাত মন্দ নয়। ইতিমধ্যেই এই শোতে দেখা গিয়েছে টেলিভিশন ও টলিউডের নায়িকাদেরও। সকলেই একবাক্যে স্বস্তিকার সঞ্চালনার প্রশংসা করেছেন।