
"সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে (SRFTI) যেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) নামে একটি চেয়ার উৎসর্গ করা হয়", প্রয়াত অভিনেতার বাড়িতে গিয়ে পরিবারে সঙ্গে দেখা করার পর সংবাদ মাধ্যমের সামনে সরকারের কাছে এই আবেদনই রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। বুধবার প্রয়াত অভিনেতা সোমিত্র চট্টোপাধ্যায়ের গল্ফগ্রিনের বাড়িতে যান অধীর। সেখানে প্রথমেই তিনি দেখা করেন সোমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসুর সঙ্গে। পৌলমীর অনুমতি নিয়েই মাল্যদান করেন প্রয়াত অভিনেতার ছবিতে। এরপর সৌমিত্রবাবু যে ঘরে থাকতেন সেটিও ঘুরে দেখেন অধীর।
পরে সংবাদ মাধ্যমকে অধীর জানান,"সৌমিত্র চট্টোপাধ্যায়ের ঘর দর্শন করে তীর্থযাত্রার উপলব্ধি হয়েছে। এখনও টেবিলে পড়ে রয়েছে তাঁর আঁকা ছবি ও লেখা। তিনি এক মহামানব ছিলেন।" এর পাশাপাশি এদিন রাজ্যের তৃণমূল সরকারকেও একহাত নেন অধীর। কংগ্রেস নেতা বলেন,"২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের নানা পদ কেড়ে নেওয়া হয়। এমনকি পরেও তাঁকে কোনরকম সম্মানে সম্মানিত করা হয়নি। ১৯৫৪ সালে কান ফেস্টিভ্যালে আন্তর্জাতিক সম্মান পান এই ব্যক্তি। তারপরেও তাঁকে তৃণমূল সরকারের পক্ষ থেকে কোনরকম সম্মানিত করা হয়নি। কিন্তু মৃত্যুর পর তাঁর মরদেহ নিয়ে নাটক করা হয়েছে।" এরপরেই সরকারের কাছে অধীরের আবেদন,"সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে যেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে একটি চেয়ার উৎসর্গ করা হয়।"
এদিকে অধীরবাবুর এই প্রস্তাবে খুবই খুশি প্রয়াত অভিনেতার মেয়ে পৌলমী। এই প্রস্তাব বাস্তবায়িত হলে তার চেয়ে ভাল আর কিছুই হতে পারে না বলেই মনে করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সৌমিত্রবাবুকে নিয়ে একাধিক পরিকল্পনার কথা তাঁদের শুনিয়েছেন বলে জানান পৌলমী। গত রবিবারই আমাদের ছেড়ে চলে গিয়েছেন বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। দীর্ঘ অসুস্থতার পর ওই দিন দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেন বিনোদন, রাজনীতি, ক্রীড়া থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রের বিশিষ্ট জনেরা। প্রিয় অভিনেতার শেষ যাত্রায় অংশ নেন তাঁর অসংখ্য ভক্ত ও গুণমুগ্ধ।