
রিল থেকে রিয়্যাল জুটি তাঁরা। সিরিয়ালের সেটেই তাঁদের প্রেমের শুরু। 'যমুনা ঢাকি' সিরিয়ালে শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের জুটি দারুণ হিট ছিল। কিন্তু সিরিয়াল শেষ হওয়ার পর তাঁদের একসঙ্গে অনস্ক্রিনে দেখা যায়নি। দর্শকেরাও বহুদিন ধরে এই দাবি জানিয়ে এসেছেন। তবে এবার সুখবর পেতে চলেছেন শ্বেতা-রুবেলের অনুরাগীরা। যমুনা ঢাকি’-র পরে ফের ছোটপর্দায় দেখা শ্বেতা-রুবেলকে। তাহলে কি এই জুটিকে নিয়ে কোনও নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে?
কোনও নতুন ধারাবাহিকে ফিরছেন না বাস্তবের এই জুটি। একেবারে নতুন অবতারে দেখা যাবে শ্বেতা-রুবেলকে। দর্শকদের দাবি মেনে ছোটপর্দায় ফিরলেন তাঁরা। তবে কোনও মেগা সিরিয়ালে নয়, জনপ্রিয় রিয়্যালিটি শো ‘Didi No. 1’-এর হাত ধরেই ফিরছেন এই জুটি। শনিবারের এই বিশেষ পর্বে সঞ্চালকের ভূমিকায় দেখা গেল তাঁদের। অর্থাৎ, কিছুক্ষণের জন্য রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলান এই তারকা দম্পতি।
নতুন প্রোমোতে শ্বেতা-রুবেলকে একসঙ্গে সঞ্চালকের ভূমিকায় দেখা যায়। যা দেখে বেশ উচ্ছ্বসিত দর্শকেরা। যদিও পাকাপাকিভাবে রচনার বদলি হিসেবে নয়, শুধুমাত্র বিশেষ উইকেন্ড এপিসোডেই দেখা যাবে তাঁদের। ২০২০ সালের শুরু হয়েছিল ‘যমুনা ঢাকি’। টানা দু’বছর দর্শকের ড্রয়িংরুমে রাজত্ব করেছে ধারাবাহিকটি। সেই সিরিয়ালের সেট থেকেই কাছাকাছি আসেন রুবেল ও শ্বেতা। পর্দার প্রেম ধীরে ধীরে জায়গা করে নেয় বাস্তব জীবনেও। এখন তাঁরা টলিপাড়ার অন্যতম জনপ্রিয় ‘পাওয়ার কাপল’।
এই বিশেষ পর্বে প্রতিযোগী হিসেবে থাকবেন তারকারাই। দেখা যাবে, রূপঙ্কর বাগচী ও তাঁর স্ত্রী চৈতালী লাহিড়ীকে। তাছাড়াও থাকবেন সা রে গা মা পা খ্যাত দেবজিৎ সাহা ও তাঁর স্ত্রী বন্দনা সাহাকে। দেখা মিলেছে স্বাগতা বসু ও তাঁর স্বামী জয় বসুর। তাছাড়াও দেখা যাবে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়কে। গত বছর জানুয়ারিতে বিয়ে করেন শ্বেতা-রুবেল। বৈদিক মতে তাঁদের বিয়ে দেন মহিলা পুরোহিত নন্দিনী। কাজের সূত্রে, শ্বেতাকে জি বাংলার জনপ্রিয় মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’তে সর্বশেষ নায়িকা 'শ্যামলী'র ভূমিকায় দেখা গিয়েছিল। অন্যদিকে, রুবেল দাসকে 'তুই আমার হিরো' ধারাবাহিকের হিরো শাক্যজিতের ভূমিকায় দেখা গিয়েছিল জি বাংলার পর্দায়।