
গত রবিবার ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দিঘার তালসারিতে জলে ডুবে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনার ৬ দিন পর ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শনিবার রিজেন্ট পার্ক থানায় লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস-এর বিরুদ্ধে FIR দায়ের করা হয়। এদিন আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে থানায় গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌরভ দাস, যিশু সহ আরও অনেকে। আর এঁদের সঙ্গেই দেখা গেল রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। শনিবার রিজেন্ট পার্ক থানায় FIR দায়ের করার পর প্রিয়াঙ্কাকে নিয়ে আর্টিস্ট ফোরাম রওনা দেয় তালসারির উদ্দেশ্যে। কারণ ওখানেই রাহুলের ঘটনাটি ঘটেছিল।
জানা গিয়েছে, শনিবার রাত দশটা-সাড়ে দশটা নাগাদ আর্টিস্ট ফোরাম ও প্রিয়াঙ্কা সরকার তালসারি থানাতে পৌঁছায়। এই থানার অন্তর্গত তালসারিতেই শ্যুটিং হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত ভোলে বাবা পার করেগা আর সেই শ্যুটিং করতে গিয়েই বেঘোরে প্রাণ হারাতে হয় রাহুলকে। শনিবার রাত ২টো নাগাদ তালসারি থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর্টিস্ট ফোরামের অন্যতম সদস্য প্রসেনজিৎ বলেন, আমরা অনেক রাতে তালসারি থানাতে পৌঁছেছি। এখানকার প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। আজকে আমাদের রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা তালসারি থানাতে অফিসিয়ালি FIR দায়ের করলেন। পরবর্তী পদক্ষেপ আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়।
গত ২৯ মার্চ তালসারিতে ভোলেবাবা পার করেগা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয় এই সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র উজান তথা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। জানা যায়, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা নাকি ওডিশা পুলিশের কোনও অনুমতি ছাড়াই সেখানে শ্যুটিং করছিল। এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে পুলিশের পক্ষ থেকেই। এরপর থেকেই প্রযোজনা সংস্থার গাফিলতি সহ একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। রাহুলের এই আকস্মিক মৃত্যু নিয়ে গত ১ এপ্রিল লীনা ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে আইনি চিঠি পাঠায় আর্টিস্ট ফোরাম। কিন্তু যথাযথ উত্তর না মেলায় শুক্রবার রাতেই আর্টিস্ট ফোরামের সভাপতি শান্তিলাল মুখোপাধ্যায় আইনি পদক্ষেপের কথা জানান।
রাহুলের মৃত্যু নিয়ে রীতিমতো নড়চড়ে বসেছে আর্টিস্ট ফোরাম। সবটাই হচ্ছে যথাযথ আইনি পরামর্শ মেনেই। শনিবার বিকেল ৪টে থেকে টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত রাহুলের মৃত্যুর ন্যায় বিচার চেয়ে মিছিল বের করা হয়। যেখানে কালো ব্যাজ পরে উপস্থিত হয়েছিলেন টলিউড ও টেলিভিশনের একাধিক তারকারা।