Advertisement

Dadagiri New Update: 'দাদাগিরি' করতে এবার আসছেন দেব? সুপারস্টারের নয়া অবতার নিয়ে জল্পনা তুঙ্গে

পর্দায় 'দাদাগিরি' কে দেখাবে তা নিয়ে টেলিপাড়ায় চর্চা একেবারে তুঙ্গে। কেউ বলে একে দেখ আবার কেউ বা বলে ওকে দেখ। কিন্তু 'দাদাগিরি' করতে ঠিক কাকে দেখা যাবে, সে সম্পর্কে নিশ্চিত কোনও খবরই কারোর কাছে নেই। 'দাদাগিরি'-র দায়িত্ব যিনি এত বছর ধরে পালন করে আসছিলেন সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে আর দেখা যাবে না, এটা সকলেরই অবগত।

এবারে 'দাদাগিরি'র রাশ কার হাতে?এবারে 'দাদাগিরি'র রাশ কার হাতে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2026,
  • अपडेटेड 11:49 AM IST
  • পর্দায় 'দাদাগিরি' কে দেখাবে তা নিয়ে টেলিপাড়ায় চর্চা একেবারে তুঙ্গে।

পর্দায় 'দাদাগিরি' কে দেখাবে তা নিয়ে টেলিপাড়ায় চর্চা একেবারে তুঙ্গে। কেউ বলে একে দেখ আবার কেউ বা বলে ওকে দেখ। কিন্তু 'দাদাগিরি' করতে ঠিক কাকে দেখা যাবে, সে সম্পর্কে নিশ্চিত কোনও খবরই কারোর কাছে নেই। 'দাদাগিরি'-র দায়িত্ব যিনি এত বছর ধরে পালন করে আসছিলেন সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে আর দেখা যাবে না, এটা সকলেরই অবগত। আর মহারাজের বদলে নাম শোনা যাচ্ছিল প্রাক্তন টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজের নাম। সেই খবরেই সিলমোহর দিতে না দিতেই আবারও জোর চর্চা শুরু টেলি দুনিয়ায়। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, লিয়েন্ডার নন 'দাদাগিরি' করতে দেখা যেতে পারে খোকাবাবু দেবকে। যদিও এই বিষয়ে কোনও পক্ষ থেকেই নিশ্চিত কিছু জানা যায়নি। 

জি বাংলার মঞ্চে 'দাদাগিরি' দেখিয়ে আপামর দর্শকদের এতদিন মুগ্ধ করেছেন গোটা বিশ্বের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটের ময়দান হোক কিংবা দর্শকে ভরা প্রেক্ষাগৃহের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব, সবতেই 'মহারাজে'র ম্যাজিক বজায় ছিল। তবে ২০২৪ সালের পর হঠাৎ করেই থেমে যায় এই জনপ্রিয় শো। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যায়, পারিশ্রমিক সংক্রান্ত মতপার্থক্যের জেরেই নাকি চ্যানেলের সঙ্গে দূরত্ব তৈরি হয় সৌরভের। এরপর তিনি অন্য চ্যানেলের প্রোজেক্টে যুক্ত হন, যার ফলে 'দাদাগিরি' কার্যত অনিশ্চয়তার মুখে পড়ে। সৌরভ এবার বিগ বস বাংলার দায়িত্বে। তাই দাদাকে ছাড়াই দাদাগিরি নতুনভাবে ফিরতে চলেছে। কিন্তু সৌরভের জায়গায় কে আসছেন?

এমন আবহেই কানাঘুষো খবর আসে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে জনপ্রিয় ক্যুইজ রিয়ালিটি শোয়ের মঞ্চে 'দাদাগিরি' করবেন লিয়েন্ডার পেজ। আসলে ক্রীড়াদুনিয়ার ব্যক্তিত্বদের নিয়ে বরাবরই দর্শকমহলে আলাদা উন্মাদনা থাকে। উপরন্তু লিয়েন্ডার আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন ব্যক্তিত্ব। অতঃপর টিআরপি টানতে টেনিস তারকা যে একেবারে যথাযথ ‘মুখ’ হতে পারেন, এমনটাই মনে করেছিলেন ওয়াকিবহালমহল। তবে সেই জল্পনায় আরও এক বিষয় এবার যোগ হল। শোনা যাচ্ছে, জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসাবে লিয়েন্ডার নন, সুপারস্টার দেবের উপরই ভরসা রাখতে চাইছেন নির্মাতারা। এমনিতে সুপারস্টারের ভক্ত সংখ্যা নেহাত কম নয়। তার ওপর অতীতে ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনেও লাইমলাইট কেড়েছেন তিনি। সেই প্রেক্ষিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে ‘দাদাগিরি’র সঞ্চালক হিসেবে দেবকে পেলে যে দর্শকমহলে অতিরিক্ত উন্মাদনা থাকবে, তা বলাই বাহুল্য।

Advertisement

এই তালিকায় টলিপাড়ার আরও হেভিওয়েট অভিনেতাদের উল্লেখ থাকলেও, নির্মাতারা ভরসা রাখতে চাইছেন দেবের ওপরই। এমনিতেই সুপারস্টার নিজের ক্যারিশমায় ইন্ডাস্ট্রিতে তাঁর জায়গা পাকা করে নিয়েছেন। রাজনীতির মঞ্চেও তাঁর দাপট কম নয়। ছাব্বিশের নির্বাচনী প্রচারে তিনি যেখানেই গিয়েছেন, সেখানেই দেবকে দেখতে জনজোয়ার। তাই যাঁর ফ্যান ফলোয়ার্স এত, তিনি যে কোনও শোকেই সুপারহিট বানাবেন, তা বলাই বাহুল্য। তবে এই বিষয়ে দেব বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও নিশ্চিত কিছু জানানো হয়নি। দাদাগিরি পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে আজতক বাংলা যোগাযোগ করলে তিনিও সেভাবে কোনও মন্তব্য করতে চাননি। নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এই শোয়ের। 

২০০৯ সাল থেকে সফর শুরু হয় ‘দাদাগিরি’ গেম শোয়ের। প্রথম থেকেই সঞ্চালনার দায়িত্ব সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে একটি মরশুমে ‘দাদা’র পরিবর্তে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। পরে দর্শকদের অনুরোধেই ফের শোয়ে সঞ্চালনার ভার বর্তায় সৌরভের উপর। এবার সেই দায়িত্ব দেব না লিয়েন্ডার পেজ নাকি অন্য কারোর হাতে যেতে চলেছে, সেটাই দেখার। 

Read more!
Advertisement
Advertisement