
নেটফ্লিক্সে মুক্তির আগেই বিতর্কে জড়াল পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ 'জো বচে হ্যায় সঙ্গ সমেট লো' (Jo Bachay Hain Sang Samait Lo)। আগামী ৪ ডিসেম্বর সিরিজটির প্রিমিয়ারের কথা রয়েছে। তার আগেই ভারতে এই সিরিজের মুক্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানাল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছে সংগঠনটি।
দু'দিন আগেই নেটফ্লিক্স এই সিরিজের ঘোষণা করেছিল। সংস্থার মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা (MENA) বিভাগের উদ্যোগে তৈরি হয়েছে এই তারকাখচিত ড্রামা সিরিজ। তবে ভারতে দর্শকরা এই সিরিজ দেখতে পারবেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি নেটফ্লিক্স।
২৪ নভেম্বর, মঙ্গলবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে AICWA গত বছরের কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার দাবি জানিয়েছে। ওই নির্দেশিকায় ভারতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার বন্ধ রাখার কথা বলা হয়েছিল। আসন্ন সিরিজটি নিষিদ্ধ করার পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনও পাকিস্তানি প্রযোজনা ভারতীয় পর্দায় জায়গা না পায়, তার জন্য স্থায়ী আইন প্রণয়নেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
চিঠিতে AICWA লিখেছে, 'আমরা দাবি জানিয়েছি, কঠোরতম শাস্তির বিধান সহ একটি শক্তিশালী ও স্থায়ী আইন তৈরি করা হোক। পাশাপাশি নেটফ্লিক্স ইন্ডিয়া এবং সমস্ত OTT প্ল্যাটফর্মের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন ভারতে কোনও পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার না করে।' সংগঠনটির দাবি, পাকিস্তানে তৈরি সিরিজ, সিনেমা, গান এবং পডকাস্ট সম্প্রচারের কোনও প্রশ্নই নেই ভারতে।
পহেলগাঁও হামলার পর কেন্দ্রের নির্দেশিকার প্রসঙ্গ
নিজেদের দাবির স্বপক্ষে জাতীয় নিরাপত্তা এবং কেন্দ্রীয় সরকারের নীতির কথা তুলে ধরেছে AICWA। চিঠিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশিকার উল্লেখ করা হয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলার পর ওই নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। সেখানে ভারতের সমস্ত OTT পরিষেবা এবং ডিজিটাল মাধ্যমকে পাকিস্তানি কনটেন্টের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
AICWA-র বক্তব্য, 'জো বচে হ্যায় সঙ্গ সমেট লো' ভারতে সম্প্রচারের অনুমতি দেওয়া হলে তা কেন্দ্রীয় নির্দেশিকার মূল উদ্দেশ্য এবং সাধারণ মানুষের আবেগের পরিপন্থী হবে। পুলওয়ামা হামলার পর ভারতীয় সিনেমায় পাকিস্তানি শিল্পীদের কাজ করার উপর নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে সংগঠনটির নিজস্ব অবস্থানের কথাও তুলে ধরা হয়েছে।
কেন্দ্রীয় সরকারকে সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্ম যাতে ২০২৫ সালের মে মাসের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলে, তা নিশ্চিত করার আবেদন জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি টেলিভিশন, OTT প্ল্যাটফর্ম এবং সিনেমা হলে এই নির্দেশিকা লঙ্ঘন করলে শাস্তির ব্যবস্থা রেখে স্থায়ী আইন তৈরির দাবিও জানানো হয়েছে।
কী রয়েছে পাকিস্তানি সিরিজের গল্পে?
ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে 'জো বচে হ্যায় সঙ্গ সমেট লো'। ২০০৯ সালে 'খাওয়াতিন ডাইজেস্ট' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল উপন্যাসটি। পরে ২০১৩ সালে বই আকারে প্রকাশিত হয়। সিরিজটির গল্পে ৩ প্রজন্মের ৬টি প্রেমের কাহিনি তুলে ধরা হয়েছে। মোমিনা দুরেইদ ফিল্মসের প্রযোজনায় তৈরি এই সিরিজ। পাকিস্তান, ইতালি এবং ব্রিটেনে সিরিজটির শুটিং হয়েছে।
কারা অভিনয় করেছেন এই সিরিজে?
সিরিজটিতে রয়েছেন পাকিস্তানের একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, আহাদ রাজা মীর, হামজা আলি আব্বাসি এবং হানিয়া আমির। এ ছাড়াও অভিনয় করেছেন আহমেদ আলি আকবর, বিলাল আশরাফ, মায়া আলি, ইকরা আজিজ, খুশাল খান, নাদিয়া জামিল, ওমায়ের রানা এবং সামিনা আহমেদ।
আগামী ৪ ডিসেম্বর সিরিজটির প্রিমিয়ারের কথা থাকলেও ভারতে এটি সম্প্রচারিত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে AICWA-র দাবি এবং কেন্দ্রীয় সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।