
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর কলকাতায় প্রথমবার কনসার্ট করে ফের মন জয় করেছেন গায়ক অরিজিৎ সিং। তবে এবারে একেবারে অন্য অরিজিৎকে দেখা গেল মঞ্চে। অনুষ্কা শঙ্করের সঙ্গে অরিজিৎ-এর যুগলবন্দির সাক্ষী থাকল গোটা কলকাতাবাসী। তবে এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরও এক ভিডিওতে অরিজিৎকে দেখা গিয়েছে গায়িকা লোপামুদ্রার সঙ্গে। লোপামুদ্রার জন্মদিনে তাঁকে যত্ন করে পায়েস খাইয়ে দিচ্ছেন অরিজিৎ। আর ভিডিও ছড়িয়ে পড়তেই আরও একবার প্রমাণ হয়ে গেল অরিজিৎ কতটা মাটির মানুষ।
যাঁর খ্যাতি ছড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও, সেই অরিজিৎ কিন্তু একেবারে আড়ম্বরহীন জীবন যাপনেই অভ্যস্ত। যাঁকে দেখলে আপনার মনে হতেই পারে এতো আমাদের পাশের বাড়ির ছেলে। সম্প্রতি অরিজিৎ সিং-এর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁকে দেখা গেল, লোপামুদ্রা মিত্রের জন্মদিনে মিষ্টি এক সারপ্রাইজ নিয়ে হাজির হতে। ৬, ৭ এবং ৮ ফেব্রুয়ারি কলকাতায় আয়োজিত হয়েছিল ‘সহজ পরব’। ‘দোহার’ এবং ‘লোপামুদ্রা মিত্র প্রোডাকশনস’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব এবার পা দিল ১২ বছরে। ভারতীয় জাদুঘর প্রাঙ্গণ ও জি.ডি.বিড়লা সভাঘরে বসেছিল এই সুরের আসর।
আর এখানেই পালন করা হয় লোপামুদ্রা মিত্রের জন্মদিন। আর গায়িকার জন্মদিনে উপস্থিত হয়েছিলেন সস্ত্রীক অরিজিৎ। সেখানে কেক কাটেন গায়িকা। তবে সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল তখন, যখন অরিজিৎ টিফিন বক্স করে আনা পায়েস থেকে চামচে করে খাইয়ে দিলেন অরিজিৎ গায়িকাকে। আর লোপামুদ্রা চোখ বন্ধ করে সেই মুহূর্তটাকে উপভোগ করলেন। অরিজিৎ-পত্নী কোয়েল গায়িকার হাতে তুলে দিলেন পুষ্পস্তবক। লোপামুদ্রাকে জড়িয়ে ধরেন কোয়েল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে লোপামুদ্রার সঙ্গে প্রাণখুলে হাসছেন অরিজিৎ।
লোপামুদ্রা এই ভিডিওটি শেয়ার করে লিখলেন, ‘সহজ পরব, এর পাওনা এটাই যে সহজ মানুষরাই এর সাথে জড়িয়ে থাকে। কাল আমার জন্মদিন ছিল, কোয়েল- অরিজিৎ, আমার জীবনের সেরা উপহার দিল। কৃতজ্ঞতা শব্দটিও ছোট হয়ে যায় কোয়েল আর অরিজিৎ সিং-এর কাছে। এখনও ঘোর কাটেনি আমার।’ প্রসঙ্গত, কদিন আগেই প্লে ব্যাকের দুনিয়া থেকে অবসর গ্রহণের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অরিজিৎ সিং। তবে তাতে অবশ্য সুরের সফর থামছে না। রবিবার রাতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে কিংবদন্তি সেতার বাদক অনুষ্কা শঙ্কর এবং বিক্রম ঘোষের সঙ্গে এক মঞ্চে ধরা দিলেন গায়ক। যা ছুঁয়ে গিয়েছে হাজার হাজার মানুষের মন।