
দীর্ঘদিন ধরেই সময়টা একেবারে ভাল যাচ্ছে না প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা ইন্ডাস্ট্রিতে তাঁর অভিনয় সেভাবে ছাপ যেমন ফেলতে পারেনি তেমনি ছাব্বিশের বিধানসভাতেও অক্লান্ত পরিশ্রম করেও কাজের কাজ কিচ্ছু হয়নি। বিজেপি নেতা সজল ঘোষের কাছে গো-হারান হারতে হয়েছে গ্ল্যামারস অভিনেত্রীকে। রাজনৈতিক কেরিয়ারের গোড়া থেকেই কটাক্ষ-সমালোচনা, এমনকী ট্রোল-মিমের শিকার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন সায়ন্তিকা। অপরদিকে, ব্যক্তিগত জীবনেও চড়াই-উৎরাই রয়েছে। এবার এইসবের সমাধানের জন্য জ্যোতিষের দ্বারস্থ হলেন প্রাক্তন বিধায়িকা। সায়ন্তিকাকে কী বললেন জ্যোতিষ?
ছাব্বিশের বিধানসভা ভোটে বিধ্বংসী হারের ‘রাজনৈতিক দায়িত্ব মুখের কথা নয়’ বলে নিজের শরীরচর্চায় মন দিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়কের লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় প্রত্যাবর্তন নিয়ে ফিসফাস! কিছুদিন আগেই জানা যায় যে সায়ন্তিকা এবার ক্যামেরার সামনে ফিরছেন। ‘হইচই’-এর নতুন কোনও প্রজেক্টের হাত ধরে ফিরতে চলেছেন তিনি। এবার সেই ওয়েব প্ল্যাটফর্মের শোয়েই নিজের ব্যক্তিগতজীবন, কেরিয়ার নিয়ে জ্যোতিষীর থেকে যে পরামর্শ পেলেন অভিনেত্রী।
ইমন চক্রবর্তী সঞ্চালিত ‘হইচই’-এর নতুন নন-ফিকশন শো ‘কর্মা ক্লিনিক’-এ যোগ দিয়েছেন সায়ন্তিকা। সেখানেই জ্যোতিষীর মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, এতদিন সাধারণ মানুষের কাছে ঠিক যেভাবে পৌঁছে গিয়েছিলেন, আবারও ঠিক সেই জায়গায় ফিরতে চান তিনি। একথা শুনেই জ্যোতিষী সপাট সায়ন্তিকাকে বলেন, রাজনীতি আপনার জন্য সঠিক জায়গা নয়। জ্যোতিষীর কথা শুনেই বিমর্ষ হয়ে পড়েন অভিনেত্রী। ইমন এবার জানতে চান সায়ন্তিকার রাজনৈতিক ভরাডুবির কারণ। জ্যোতিষী স্পষ্ট করে বলেন, এইমুহূর্তে নায়িকার জীবনে শনির দশা চলছে। তবে তাঁর ব্যক্তিগতজীবনে খুব শিগগিরিই বড় মোড় আসতে পারে। যা শুনে গায়িকা-সঞ্চালিকার প্রতিক্রিয়ায় রীতিমতো লজ্জায় লাল হয়ে যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি নায়িকার জীবনে এবার বসন্ত উঁকি দিতে চলেছে? এমন কৌতূহল অমূলক নয়।
রাজনীতিতে আসার অনেক আগে থেকেই অভিনেতা জয় মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সায়ন্তিকা। কিন্তু সেই সম্পর্ক পরে তিক্ত রূপ নেয়। ২০১৮ সালে নায়িকাকে হেনস্তার অভিযোগে গ্রেফতার হন জয়। তারপর থেকে সায়ন্তিকা আর কোনও সম্পর্কে জড়াননি। যদিও জয় এক বছর আগেই বিয়ে করেছেন। কিন্তু অভিনেত্রী এখনও সিঙ্গল। এবার দীর্ঘ আট বছর বাদে সায়ন্তিকার ব্যক্তিগতজীবনে প্রেম ধরা দিতে চলেছে? এখন শুধুই সময়ের অপেক্ষা।