
শুরু থেকেই জমে উঠেছে বাংলা বিগ বস হাউস। ১৫ জন প্রতিযোগীর মধ্যে প্রথম থেকেই নজর কেড়েছেন সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা। ঠান্ডা মাথার দুর্নিবারকে দর্শকরা লম্বা রেসের ঘোড়া মনে করছেন। যদিও এই মুহূর্তে হাউসের অধিকাংশ সদস্যই দুর্নিবারকে অপছন্দ করছেন। আবার কারও কারও চোখে সৃজলার সঙ্গে দুর্নিবারের বন্ধুত্বও অতিরিক্ত ঘনিষ্ঠতা মনে হচ্ছে। সে কথা কানে গিয়েছে দুর্নিবারেরও। সত্যিই কি সৃজলার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠছে বিবাহিত এই সঙ্গীতশিল্পীর? বিগ বসের ঘরেই এই নিয়ে মুখ খুললেন দুর্নিবার।
বিগ বসের ঘরে প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে রাজবীর আসার পর থেকেই মেজাজ বদলেছে হাউসের। প্রথমে হাউসের অন্যান্য সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেও বর্তমানে তিনি এনেছেন ফুরফুরে বাতাস। মুম্বইয়ের এই মডেল নন্দিনী দত্তের সঙ্গে যে হারে ফ্লার্টিং শুরু করেছেন, তাতে দর্শকরা মশগুল। ঝগড়া-অশান্তির মাঝেই তাই প্রেমের ফুল ফুটেছে বিগ বস হাউসে। তবে এর মাঝেই ভরত কউল, সোহিনী পাল, সোনামনি সহ অনেকেরই ধারণা তৈরি হয়েছে আরও একটি প্রেমের কাহিনি চলছে দুর্নিবার ও সৃজলার মধ্যে।
গত সপ্তাহে দাদার দরবারে সৃজলা গুহ প্রকাশ্যেই জানিয়েছিলেন, দুর্নিবারই এই হাউসে তাঁর সবচেয়ে ভাল এবং বিশ্বাসযোগ্য বন্ধু। তাঁর সঙ্গেই নিজেকে কানেক্ট করতে পারেন সৃজলা। বারবার বিগ বস হাউসে সৃজলা ও দুর্নিবারকে গল্প করতে দেখা গিয়েছে। কিচেন, ডাইনিং কিংবা খাটে দু'জনের গল্প জমে ওঠা কিংবা সৃজলার অনুরোধে দুর্নিবারের 'বোঝেনা সে বোঝেনা' গান গেয়ে ওঠা, দর্শকদেরও নজর কেড়েছে। আবার দুর্নিবারকেও বলতে শোনা গিয়েছে, গেমের স্ট্র্যাটেজি, এথিক্স কী হওয়া উচিত তা তিনি সৃজলার সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। যদিও দুর্নিবার বিগ বস হাউসে নিজের মনের কথা কেবলমাত্র নিরঞ্জন (লাফটারসেন) এবং ঝিলমকেই বলেন বলে দাবি করেছেন। তাঁদের দু'জনের সামনে আবেগপ্রবণ হয়ে চোখের দল ফেলতেও দেখা গিয়েছে দুর্নিবারকে।
তবে এ সবের মধ্যেই বাড়ির অন্যান্য কিছু সদস্যের ধারণা তৈরি হয়েছে, দুর্নিবার এবং সৃজলা বুঝি প্রেম করছেন। দর্শকদেরও প্রশ্ন, সত্যিই কি তাই? কারণ সকলেরই জানা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর বর্তমানে দুর্নিবারের স্ত্রী। তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে, ধিয়ান। আবার সৃজলা গুহর সঙ্গে তাঁর সিরিয়ালের সহ অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের একটি সম্পর্কের কথাও চর্চায় রয়েছে। এমতাবস্থায় কি বিগ বসের ঘরে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন এই অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী।
তাঁকে নিয়ে হাজার আলোচনা অবশ্য দুর্নিবার জানতে পারেন নিরঞ্জনের থেকে। শুক্রবারের এপিসোডের একদম শেষ পর্যায়ে এসে দেখা যায়, সুইমিং পুলের ধারে বসে একান্তে নিরঞ্জন দুর্নিবারকে সবটা জানাচ্ছেন। তিনি বলছেন, 'এই মুহূর্তে কেন জানি না, বাড়ির অধিকাংশই তোমার বিরুদ্ধে। তোমাকে পছন্দ করছেন না।' দুর্নিবারের উত্তর, 'হ্যাঁ আমি জানি সেটা।' তারপরই লাফটারসেন দুর্নিবারকে বলেন, 'ওঁরা অনেকেই আলোচনা করছিল, ওঁদের ধারণা, তুমি আর সৃজলা একটা প্রেমের অ্যাঙ্গেল তৈরি করার চেষ্টা করছো এখানে।' এই বিষয়টা শুনে ক্ষিপ্ত দুর্নিবার বলে ওঠেন, 'ভাই, এরা কি সব আসার কি বড়বাজারে মাথাগুলো বেচে দিয়ে এসেছে!' অর্থাৎ সৃজলার সঙ্গে প্রেম করার বিষয়টি উড়িয়ে দেন সঙ্গীতশিল্পী। আর তাতেই যেন ধরে প্রাণ ফেরে তাঁর অনুরাগীদের।
দর্শকদের অনেকেরই চোখে দুর্নিবার শক্তিশালী প্রতিযোগীয। বিগ বস যেতার কিংবা টপ ফাইভে পৌঁছনোর ক্ষমতা তাঁর আছে বলেই মনে করা হচ্ছে। বিগ বস হাউসের ১১-১২ দিনে দুর্নিবারের কলা চুরি করা, জয়িতাকে 'অপদার্থ' বলা, একের পর এক গান শোনানো কিংবা রাজবীরকে টাস্কের সময়ে শারীরিক শক্তিতে আটকে রাখা দর্শকদের মন জিতেছে। বাড়ির সদস্যরা মনে করছেন দুর্নিবার মাইন্ড গেম খেলছে, আর তাঁর ফ্যানেদের দাবি, মেজাজ না হারিয়ে ক্ষুরধার মস্তিষ্কের সাহায্যেই দুর্নিবার বিগ বস জিতবেন।
এই সপ্তাহে তিনি রয়েছেন ডেঞ্জার জোনে। বাড়ির বহু সদস্যই তাঁকে নমিনেট করেছেন। এখন দেখার শনিবারের দাদার দরবারে শেষ পর্যন্ত এলিমিনেশনের হাত থেকে দুর্নিবার সাহা বেঁচে যান কি না।