
'বিগ বস' বাংলা সিজন ৩ প্রতিদিনই নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে দর্শকদের কাছে। গত সপ্তাহেই মিড উইক এভিকশনে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন দীপেন্দু বিশ্বাস। উপরন্তু রবিবার ঝিলম ও অনুষ্কার মধ্য়ে এলিমিনেট হয়েছেন অনুষ্কা। এমনিতেই বিগ বস-এর বাড়িতে প্রতিযোগীদের মধ্যে রোজই সমীকরণ বদলাচ্ছে। তারই মধ্যে বিগ বস-এর নতুন প্রোমো সামনে আসতেই ফের তৈরি হল সাসপেন্স। আবার মিড উইক এভিকশন হতে চলেছে বিগ বস-এর বাড়িতে। তবে এবার কোন সদস্য বিগ বস থেকে বেরিয়ে যাবেন, সেটা জানা যাবে সোমবারের পর্বেই।
রবিবার বিগ বস বাংলায় দাদার দরবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চ্যানেলের পক্ষ থেকে নতুন পর্বের প্রোমো প্রকাশ করা হয়। যেখানে বিগ বসকে বেশ গুরুগম্ভীরাবে বলতে শোনা যাচ্ছে, ‘জীবনের প্রতিটি অধ্যায় যে, আমাদের ইচ্ছেমতো শেষ হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কখনও কখনও পরিস্থিতি আমাদের থামতে বাধ্য করে। এই সিদ্ধান্ত নেওয়া বিগ বসের কাছেও সহজ নয়…’! এই প্রোমোতে বাড়ির সব সদস্যদের কাঁদতেও দেখা যায়। অন্য এক প্রোমোতে দেখা গিয়েছে, বিগ বস ভরত কল ও জিতু কমলকে কনফেশন রুমে ডাকেন। জিতু কনফেশন রুম থেকে বেরিয়ে ঘরের সব সদস্যদের জড়ো করেন ড্রইংরুমে।
ঝিলম ভরত কলকে জিজ্ঞাসা করেন আবার কিছু হয়েছে কিনা। প্রোমোতে দেখা যায় সবার চোখে জল। এমনকী, যে দুর্নিবার ও জিতুর একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক, তাঁরাও একে-অপরকে জড়িয়ে ধরেছেন। দুর্নিবার চোখের জল ফেলছেন। এই প্রোমো সামনে আসতেই একাধিক সম্ভাবনা তৈরি হয়েছে। বিগ বস-এর মুখে একবার ঝিলম নামটাও শোনা গিয়েছে। তাহলে কি ঝিলম মিড উইক এভিকশন হতে চলেছে? তবে এটা নিশ্চিত যে বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্য সংক্রান্ত বা পারিবারিক কোনও কারণেই পাকাপাকি অথবা সাময়িকভাবে ছাড়তে হতে পারে বিগ বস-এর বাড়ি।
এই সব কিছুই খোলসা হবে সোমবার রাতে বিগ বস-এ। গত সপ্তাহেই মিড উইক-এ বেরিয়ে যেতে হয়েছিল দীপেন্দুকে। তাঁর চলে যাওয়ার পর বেশ ভেঙে পড়েছিলেন দুর্নিবার। এরপর রবিবার ফের অনুষ্কা চলে যাওয়ার পর বাড়ির পরিবেশ কিছুটা থমথমে। তারওপর সোমবার ফের মিড উইক এভিকশন হলে বাড়ির আবহাওয়া কেমন থাকে, এখন সেইদিকেই নজর থাকবে দর্শকদের।