
যত দিন এগোচ্ছে 'বিগ বস' বাংলার বাড়ি যেন রণক্ষেত্রে পরিণত হচ্ছে। কাল যাঁর সঙ্গে সদ্ভাব ছিল, তাঁর সঙ্গেই রাতারাতি সম্পর্ক বিগড়ে যাচ্ছে। ট্রফি জেতার নেশায় প্রতিযোগীদের মধ্যে রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলার সৃষ্টি হচ্ছে। এবার দুই ওয়াইল্ড কার্ড এন্ট্রি জিতু কমল ও রাজবীর দে-এর মধ্যে ধুন্ধুমার ঝামেলা সামনে এল। কেউ কাউকে একটুও জায়গা ছাড়তে যে রাজি নন, তা একেবারে স্পষ্ট। বিগ বস বাংলার নতুন প্রোমোতে দেখা গিয়েছে, জিতু রাজবীরকে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন।
'বিগ বস'-এর নতুন প্রোমোতে দেখা গিয়েছে বেডরুমে জিতু রাজবীরকে বলছেন, এমন কিছু না করতে যেখানে দুজনকেই হাসপাতালে ভর্তি হতে হয়। জিতু না থেমে রাজবীরকে আঙুল তুলে ঘরের মধ্যে বেশি বাড়াবাড়ি না করার পরামর্শ দেন। যার উত্তরে রাজবীর টলিপাড়ার নায়ককে আঙুল নিচে করে কথা বলতে বলেন। রাজবীর রেগে গিয়ে এও বলেন যে তিনি কোনও বাড়াবাড়ি করেননি। এরপরই জিতু রাজবীরকে হুঁশিয়ারি দেন যে তিনি ফাইনালে পৌঁছাতে দেবেন না রাজবীরকে। সব মিলিয়ে বাড়ির পরিস্থিতি যে উত্তপ্ত তা ভালই বোঝা যাচ্ছে।
শনিবারই রাজবীরের বেশ কিছু বিষয় নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করায় কিছুটা চটেছিলেন জিতু। দাদার সামনেই জিতু তাঁর ক্ষোভ উগরে দেন। আর সেটা যে রাজবীরকে উদ্দেশ্য করেই বলেছিলেন, তা বুঝতে কারোর বাকি থাকে না। এমনিতে রাজবীরের কর্মকাণ্ড নিয়ে খুব একটা খুশি নন বাড়ির অধিকাংশ সদস্যরা। জিতু কমলও বেশ বিরক্ত। এই ঘরে এসে, প্রথমের দিকে রাজবীরের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেও, পরবর্তীতে জিতুর মুখে রাজবীরকে নিয়ে বিরূপ কথা শোনা গিয়েছে। সৌরভের কিছু কথাতেও বোঝা যাচ্ছিল যে তিনিও রাজবীরকে সমর্থন করছেন। আর সেই পরিপ্রেক্ষিতেই জিতু দাদার সামনেই সুর চড়ান। যেখানে জিতু বলেন যে তিনি সৎ থাকার জন্য তাঁর মা-বাবাকেও ছেড়ে কথা বলেন না। যদিও সৌরভ ঠান্ডা ভাবেই বিষয়টি নিয়ন্ত্রণে আনেন।
রাজবীরের প্রতি বাড়ির সদস্যদের একাধিক অভিযোগ রয়েছে। নন্দিনী ছাড়া আর কারোর সঙ্গেই রাজবীরের সেভাবে কথা হয় না। বাড়িতে সে যে ধরনের কাজ করেন, তা একেবারেই সমর্থন করেন না অন্য প্রতিযোগীরা। যার জেরে রোজই রাজবীরের সঙ্গে কারোর না কারোর সমস্যা দেখা দেয়। জিতুও এবার সেই তালিকায় যুক্ত হলেন। জিতু-রাজবীরের হাড্ডাহাড্ডি টক্কর দর্শকেরা যে ভাল রকম উপভোগ করবেন, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।