
'বিগ বস বাংলা' নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা কিন্তু তুঙ্গে। 'দাদাগিরি' ছেড়ে এবার 'বিগ বস বাংলা'য় সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এর আগে 'বিগ বস বাংলা'র দায়িত্ব নিতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তী ও জিৎকে। তবে নতুন সিজনের এই 'বিগ বস বাংলা'-তে কারা কারা প্রতিযোগী হিসাবে আসবেন তা নিয়ে চর্চা কিন্তু জোরদার। বাংলা ইন্ডাস্ট্রির কোন কোন মুখকে এই গেম শোতে দেখা যাবে তা আর কিছুদিনেরই অপেক্ষা। কিন্তু কবে এবং কখন থেকে দেখতে পাওয়া যাবে 'বিগ বস বাংলা'?
কবে থেকে শুরু হবে?
প্রথমদিকে এই 'বিগ বস বাংলা' সেপ্টেম্বরে শুরু হবে বলে শোনা গেলেও এখন নতুন দিনক্ষণ সামনে এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৩০ অগাস্ট থেকেই শুরু হয়ে যাবে এই 'বিগ বস'। শোনা যাচ্ছে, নির্মাতারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে কোন কোন তারকাদের দেখা যাবে সেই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই শোয়ের নির্মাতারা। এরই সঙ্গে টলিপাড়ায় যাঁদের নিয়ে জল্পনা চলছিল, তাঁরাও এই বিষয়ে কিছুই বলছেন না।
সম্ভাব্য সম্প্রচারের সময়
'বিগ বস বাংলা' দেখা যাবে স্টার জলসার পর্দায়। শোনা যাচ্ছে, 'বিগ বস বাংলা' দেখানো হতে পারে প্রতিদিন রাত সাড়ে নটা অথবা রাত সাড়ে দশটার স্লটে। তবে সপ্তাহান্তে থাকবে বিশেষ চমক, যা এর বরাবরের বিশেষত্ব। শনি-রবি সম্প্রচারের সময়ে পরিবর্তন হয়ে তা হতে পারে রাত ৯.৩০। যদিও এই নিয়ে চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকেই 'বিগ বস বাংলা' সিজন ৩-এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। আর প্রথম থেকেই নানা জল্পনা শুরু, কারা কারা থাকতে চলেছেন? কী রকম হবে এইবারের শো-এর ধরন? এরই মাঝে টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল বিগ বস বাংলার সঞ্চালনার দায়িত্বে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
শুরু হতে চলেছে বিগ বস বাংলা
অবশেষে সেই জল্পনাই সত্যি হল। 'বিগ বস বাংলা'য় সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সৌরভকে। ইতিমধ্যেই বেশ কিছু প্রোমো সামনে এসেছে এই শোয়ের। যেখানে সৌরভের ঝলক সামনে এসেছে।৬ মার্চ ইডেন গার্ডেন্সে সৌরভের উপস্থিতিতে আনুষ্ঠানিক ঘোষণা হয় 'বিগ বস বাংলা'-র। এই নন- ফিকশন শো প্রযোজনা করছে এন্ডেমলশাইন ইন্ডিয়া। বাংলার দর্শকদের কথা মাথায় রেখেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই রিয়্যালিটি শোয়ের ফরম্যাটকে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে। প্রায় ৬ মাস ধরে চলবে এই শো। যেখানে প্রতিযোগীদের ফোন ছাড়া থাকতে হবে।
কারা কারা প্রতিযোগী
যশ-নুসরত, পিয়া সেনগুপ্ত, সায়ক চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ বেশ কিছু নাম শোনা যাচ্ছে, যাঁদের দেখা যেতে পারে 'বিগ বস বাংলা'য়। যদিও বিষয়টি একেবারেই গোপনে রাখা হয়েছে। ২০১৩ সালে ইটিভি বাংলার পর্দায় প্রথম দেখা যায় 'বিগ বস' বাংলা। এই সিজনের সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং বিজয়ী হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক ধর। ২০১৬ সালে কালার্স বাংলা চ্যানেলে দেখা যায় 'বিগ বস' বাংলার দ্বিতীয় সিজন। যেটি সঞ্চালনা করেছিলেন জিৎ, বিজয়ী হয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।