
দেখতে দেখতে উমা বিদায়ের দিন চলেই এল। তবে বাঙালিরা এদিন চোখের জলে নয়, বরং হাসিমুখেই বিদায় করে তাঁদের ঘরের মেয়েকে। আবারও এক বছরের অপেক্ষা আপামর বাঙালির। এই বছরের মতো দুর্গোৎসব শেষ। বাড়ির মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানোর আগে মণ্ডপে মণ্ডপে চলছে বরণ, সিঁদুরখেলা। আর তাতেই অংশ নিলেন টলিউড তারকারা। তবে প্রতি বছরের ন্যায় নজর কাড়লেন টলিপাড়ার দুই নায়িকা কোয়েল মল্লিক ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
প্রত্যেক বছর নিজের আবাসনের পুজোয় দেবী বরণ ও সিঁদুর খেলায় অংশ নেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এদিন শুভশ্রী পরেছিলেন লাল রঙের শাড়ি ও ব্লাউজ। সঙ্গে সোনার গয়না, খোলা চুল, সিঁথিতে সিঁদুর, শাঁখা-পলা আর কপালে ছোট্ট লাল টিপ। এভাবেই দশমীর দিন ধরা দিলেন রাজ-ঘরণী। এদিন দেবী বরণ করেন শুভশ্রী। মেয়ের সঙ্গে আলতা রাঙা পা থেকে বরের সঙ্গে আদুরে ছবি সবই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নায়িকা। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'শুভ বিজয়া।'
অন্যদিকে 'বিগ বস' হাউজ থেকে বেরিয়ে দশমীর দিন একসঙ্গে হইহইয়ে মেতে উঠলেন অ্যালেকজান্দ্রা টেলর, ঝিলম গুপ্ত এবং সোহিনী পাল। তাঁদের ঢাকের তালে নাচতে দেখা যায় এদিন। দশমীর দিন সিঁদুরের রঙে রেঙে উঠেছেন তিনজনেই। অন্যদিকে ত্রিধারায় স্বামী গৌরব চ্যাটার্জিকে নিয়ে বরণ সারলেন দেবলীনা কুমার। লাল শাড়ি, সোনার গয়নায় সেজে দেবী বরণ করেন তিনি। অন্যদিকে গৌরবের পরনে ছিল হলুদ লাল পাড়ের সাদা ধুতি এবং লাল পাঞ্জাবি।
কোয়েল মল্লিক এদিন একটি ভিডিও পোস্ট করে অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছা জানান। লাল পাড় সাদা শাড়িতে সেজে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, 'আজ যদিও মন খারাপের পালা। এখন শুধু নিজেদের সান্ত্বনা দেওয়া যে আসছে বছর আবার হবে। শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালবাসা জানাচ্ছি সকলকে। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালবাসা। ভাল থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আনন্দে থাকবেন। সকলকে আনন্দে রাখবেন। শুভ বিজয়া।'
অ্যালেন পার্কের পুজোয় দেবী বরণ ও সিঁদুর খেলায় দেখা গেল টলিপাড়ার একগুচ্ছ তারকাদের। মিমি, শ্রাবন্তী, কৌশানী, ঋতুপর্ণা, অপরাজিতা আঢ়্য এদিন এই পুজোয় সিঁদুর খেলেন। অন্যান্য অনেক জায়গাতেই সিঁদুরখেলা শুরু হয়ে গিয়েছে, চলছে বরণও। মন ভারাক্রান্ত হয়ে এলেও, এই শেষ বেলার আনন্দ চেটেপুটে নিতে ব্যস্ত এখন সকলেই।