
চলতি বছরের একদম গোড়ার দিকে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেন তাঁর বিয়ের ছবি। বেনারসের ঘাটে ঋতিকা গিরির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন হিরণ। যা নিয়ে আলোড়ন পড়ে যায়। কারণ অভিনেতার স্ত্রী অনিন্দিতা স্পষ্ট জানিয়ে দেন যে তাঁদের আইনত বিচ্ছেদ হয়নি। এরই মাঝে হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্রে থেকে বিজেপির হয়ে টিকিট পেয়েছেন হিরণ। দ্বিতীয় দফা নির্বাচনের আগে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। আর তারই মাঝে রোম্যান্টিক মেজাজে ধরা দিলেন বিজেপি প্রার্থী। সঙ্গে দ্বিতীয় স্ত্রী ঋতিকা।
বিজেপি প্রার্থী তথা অভিনেতার দ্বিতীয় স্ত্রী ঋতিকার প্রেমের বিষয়ে একেবারেই রাখঢাক নেই। হিরণের সঙ্গে খুল্লাম খুল্লা ছবি পোস্ট করতেও কোনও দ্বিধাবোধ করেন না তিনি। হিরণের চেয়ে বয়সে অনেকটাই ছোট ঋতিকা। স্বামী টিকিট পাওয়ার পর থেকেই দ্বিতীয় স্ত্রী নানান জায়গায় ঘুরে ঈশ্বরের আশীর্বাদ নিয়েছেন। এবার প্রচারের মাঝেই অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করলেন ঋতিকা। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি পোস্ট করেছেন তিনি। হিরণের হাত ধরে কাঁধে মাথা রেখে পোজ দিয়েছেন ঋতিকা। আর সেই ছবি ঘিরে ফের চর্চায় হিরণ।
ছবিতে হিরণকে দেখা যাচ্ছে বিস্কুট রঙের ওভার টি-শার্ট ও ক্যাজুয়াল প্যান্টে আর ঋতিকা পরেছেন হলুদ রঙের লং গাউন, গলায় ছোট্ট মঙ্গলসূত্র। হিরণকে কাছে পেয়ে ঋতিকা যে খুব খুশি, তা তাঁর হাসি বলে দিচ্ছে। এর আগেও বিজেপি প্রার্থীর সঙ্গে সেলফি পোস্ট করেছিলেন ঋতিকা। প্রসঙ্গত, হিরণের ব্যক্তিগত জীবন বেশ চর্চিত। ঋতিকার সঙ্গে তাঁর বিয়ের খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য-রাজনীতিতে। তাঁদের দুজনকে ঘিরে একাধিক ট্রোল-কটাক্ষের বন্যা বয়ে যায়। তবে এতকিছুর পরও ঋতিকা শাঁখা-পলা ও সিঁথিতে হিরণের নামে সিঁদুর পরতে ভোলেন না।
কিছুদিন আগেই হিরনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও বিতর্ক দানা বাঁধে। পদ্মপ্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্রে ‘সঙ্গী’ হিসেবে জ্বলজ্বল করছে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের নাম। যদিও সেখানে ‘আইনত বিবাহিত’ এবং ‘সেপারেটেড’ শব্দের উল্লেখ রয়েছে। আর সেই নিয়ে ঋতিকাকে রক্ষিতা বলে সম্বোধন করেন অনিন্দিতা। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও জানুয়ারি মাসে দ্বিতীয় বিয়ে সেরে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন খড়গপুরের বিদায়ী বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। যার জেরে প্রথম পক্ষের স্ত্রী-সন্তানের দায়ের করা অভিযোগে আইনি জটিলতাতেও পড়তে হয় তাঁকে। ফলত, দ্বিতীয় বিয়ে বিতর্কের জেরে ছাব্বিশের ভোটে তিনি টিকিট পাবেন কি না, তা নিয়ে বিস্তর জল্পনা ছিল। তবে মার্চের ১৯ তারিখ পদ্মশিবিরের দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ্যে আসতেই দেখা যায় শত বিতর্ক সত্ত্বেও হিরণের উপর ভরসা হারায়নি দল।
আদপে মেদিনীপুরের মেয়ে ঋতিকা গিরি। হিরণের স্ত্রী অনিন্দিতার দাবি ঋতিকার বয়স ২১। আইনের ছাত্রী ছিলেন তিনি। রয়েছে তাঁর আইনে সাম্মানিক স্নাতক ডিগ্রিও। এখানেই শেষ নয়। যোগব্য়ায়ামে জাতীয় স্তরে গোল্ড মেডেল পেয়েছিলেন ঋতিকা। ঋতিকার ইনস্টাগ্রামে উঁকি দিলে, ভেসে ওঠে নানান ছবি ও ভিডিয়ো। ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই এই তথ্য জানা গিয়েছে। এমনকী, জানা গিয়েছে ২০১৯ এবং ২০২২ সালে দুটি সুন্দরী প্রতিযোগিতাতেও সেরা হয়েছিলেন তিনি। বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে তাঁকে।