
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর খবরের শিরোনামে চলে আসেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতার রহস্যজনক মৃত্যুর জন্য অভিনেত্রীকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। এরপর মাদককাণ্ডে জড়িত থাকার অপরাধে রিয়াকে হাজতবাসও করতে হয়েছিল। একমাস জেলে থাকার পর পরে অবশ্য আদালত থেকে অব্যাহতি পেয়েছিলেন সমস্ত অভিযোগ থেকে। স্বাভাবিক জীবনে ফেরার লড়াই চলছে সেই সময় থেকেই। কিন্তু কোথাও যেন তাল কেটে যাচ্ছে। নিজেও সেরকমটাই মনে করছেন রিয়া। আর তাই এবার এক বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন অভিনেত্রী।
মঙ্গলবার সন্ধেতেই রিয়া তাঁর সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়া পেজে ফলাও করে ঘোষণা করেন। সেখানে অভিনেত্রী লেখেন, সম্প্রতি আমি নিজেকে খুব মিস করছি। অনবরত কোলাহল, মোবাইল স্ক্রল করা-এ সব যেন জীবনে খুব ভারী হয়ে উঠেছে। এমন আমি প্রত্যাশা করিনি। কোনও মুহূর্তে জীবন্ত ভাবে বাঁচার অনুভূতি যেন বিরল হয়ে উঠেছে। রিয়া আরও বলেন, শান্তভাবে বেঁচে থাকার অনুভূতি যেন এখন আর নেই। সাধারণ জীবনযাপনেরও অভাব বোধ করছি।
রিয়ার কথায়, তাই কিছু সময়ের জন্য আমি একটু থমকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটু গভীর শ্বাস নিতে চাই এবং আশপাশে যা কিছু বাস্তব ও খাঁটি, সেগুলোর সঙ্গে যোগ তৈরি করতে চাই। তিনি সেই কারণে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে চাইছেন সাময়িক সময়ের জন্য। আসলে তিনি জীবনের প্রতি মুহূর্তের স্বাদ সরাসরি উপভোগ করতে চান। যে কারণে কিছুদিনের জন্য বিরতি নিলেন ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে। তবে শীঘ্রই আবার ফিরবেন তিনি, সেই আশ্বাসও দিয়েছেন তিনি। রিয়ার এই পোস্ট দেখে অনেকেই উদ্বিগ্ন। উল্লেখ্য, ২০২৪ সালে ‘চ্যাপ্টার ২’ নামে নিজের একটি অনুষ্ঠান শুরু করেছিলেন রিয়া। বেশ কয়েকটি পর্ব সাড়া ফেলেছিল।
২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে আসতেই চর্চায় চলে আসেন রিয়া চক্রবর্তী। একাধিকবার তদন্তের খাতিরে তাঁকে দেখা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের অফিসে। তদন্তে উঠে আসে রিয়া মাদককাণ্ডেও জড়িত। ২৮ দিনের জন্য জেলেও থাকতে হয় সুশান্তের প্রেমিকাকে। পরে অবশ্য জামিন পেয়ে যান অভিনেত্রী। তারপর থেকে, অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের কড়া নজর ও অনলাইন চর্চা সামলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। পেশাগত জীবনে, রিয়া নেটফ্লিক্সের ড্রামা 'ফ্যামিলি বিজনেস'- এর মাধ্যমে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ।