
বিনোদনের একগুচ্ছ নতুন সিরিয়াল-শো নিয়ে হাজির হতে চলেছে জি বাংলা। যার মধ্যে অন্যতম হল 'দাদাগিরি'। বহুদিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছেড়ে যাওয়া এই রিয়্যালিটি শো আবার নতুনভাবে শুরু হতে চলেছে। আর এই শো-এর দাদা কে হবেন, তা নিয়ে আলাদা করে উন্মাদনা প্রথম থেকেই দর্শকদের মধ্যে ছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই 'দাদাগিরি' ছেড়ে 'বিগ বস'-কে বেছে নিয়েছেন। তাই এবার দাদাগিরি-র নতুন সিজনে কাকে দাদা হিসাবে দেখা যায়, তা নিয়ে জল্পনা কম ছিল না। লিয়েন্ডার পেজ থেকে শুরু করে প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তী সকলের নাম উঠে এলেও, সকলকে মাত করে এগিয়ে ছিলেন দেব। আর সেই জল্পনাই বোধহয় সত্যি হল। দাদাগিরি সিজন ১১-এর প্রথম ঝলক সামনে আসতেই কারোর বুঝতে অসুবিধা হল না যে এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে কে থাকবেন?
'দাদাগিরি সিজন ১১'-এ এবার দেবকেই দেখা যাবে। রাজনীতি-অভিনয়-পরিচালক-প্রযোজকের পর এবার গুরু দায়িত্ব এল টলিউডের সুপারস্টারের কাঁধে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় এবার পা গলাতে চলেছেন দেব। এর আগেও দেবকে সঞ্চালক হিসাবে দেখা গেলেও, দাদাগিরির মতো হিট রিয়্যালিটি শো-কে এগিয়ে নিয়ে যাওয়ার বড় দায়িত্ব তাঁর কাছে। এর আগে দাদাগিরির মঞ্চে অতিথি হিসাবে হাজির হয়েছেন দেব। সৌরভের গুগলি স্ট্রেট ব্যাটে সামলেছেন। এবার নিজেই গুগলি দেবেন অতিথিদের।
১ জুন বড় চমক দিল জি বাংলা। এদিন একসঙ্গে আসন্ন মেগা সিরিয়ালের ঝলক সামনে আনার পাশাপাশি নতুন চমকের একটি কোলাজ প্রোমো সামনে আনে চ্যানেল। সেখানেই দাদাগিরির টিজারও চোখে পড়ল। সেই ঝলকেই দেখা গেল, প্রাসাদ-সমান বাড়ির ড্রয়িং রুম। ক্যামেরার দিকে উলটো দিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছেন দেব। মুখ দেখা না গেলেও দেবভক্তরা সহজেই চিনে ফেলেছেন স্বপ্নের নায়ককে। খুব শীঘ্রই চ্যানেলের তরফে দাদাগিরির সোলো-প্রোমো সামনে আনা হবে।
দেবের আগমনে শো-এর কিছু ফর্ম্যাটে বদল আসতে চলেছে স্পষ্ট। খুব শীঘ্রই দাদাগিরির অডিশন পর্ব শুরু হবে। সৌরভের জুতোয় পা গলিয়ে দেব কতটা দর্শকদের দাদা হয়ে উঠতে পারেন এখন সেটাই দেখার। এর পাশাপাশি জি বাংলায় আসছে বাঘিনী, অন্নপূর্ণা লক্ষ্মীরা, দুলারী, সতীপীঠ কালীঘাট, ইচ্ছাধারী নাগকন্যা।