
রবিবারের সন্ধ্যায় সকলের চোখ ছিল টিভির পর্দায়। এদিন থেকে শুরু হয় বিগ বস বাংলা ২০২৬। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে একে একে বিগ বস-এর ঘরে প্রবেশ করেন প্রতিযোগীরা। একঝাঁক তারকার সমাবেশে উজ্জ্বল হয়ে ওঠে বিগ বস-এর মঞ্চ। অভিনেতা-অভিনেত্রী থেকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তালিকায় কে না নেই। তবে এঁদের মাঝেই বহু বছর পর পর্দায় দেখা যাবে তাপস পাল-কন্যা সোহিনী পালকে। প্রতিযোগী হিসেবে পা রেখেই বাবা তাপস পালের স্মৃতিতে আবেগপ্রবণ হয়ে পড়লেন সোহিনী। বিগ বস-এর মঞ্চে সৌরভ তাপস পালের সঙ্গে মেয়ে সোহিনীর কিছু স্মৃতি দেখাতেই চোখে জল অভিনেতার মেয়ের।
এদিন সোহিনীকে বিগ বস-এর মঞ্চে দেখে সৌরভ জানান যে তিনি অনেক ছোট থেকেই তাপস-কন্যাকে চেনেন। আর কথা প্রসঙ্গে বাবার কথা উঠতেই স্বাভাবিকভাবে চোখ ঝাপসা হয়ে আসে সোহিনীর। তবে গলায় ছিল আত্মবিশ্বাস। বাবার ভুলত্রুটির কথা লুকোননি, বরং বুক চিতিয়ে জানালেন, অতীত বদলাতে নয়, নিজের পরিচয় গড়তেই এই মঞ্চে তাঁর আগমন। টলিউডে নিজের জায়গা সেভাবে তৈরি করতে পারেননি তাপস-পালের মেয়ে। তবে এবার ভাগ্য বদলাতেই বিগ বস-এর ঘরে আসা তাঁর।
বাবা তাপস পালের প্রয়াণের পর মুম্বই ছেড়ে পাকাপাকি কলকাতায় মায়ের সঙ্গেই থাকেন সোহিনী। রিয়্যালিটি শো-এর কঠিন লড়াইয়ের ঘরে ঢোকার আগে কিছুটা ভয়ে ভয়েই ছিলেন তিনি। তবে সৌরভ সোহিনীকে ভরসা দিয়ে বলেন যে নিজেকে মানসিক দিক থেকে শক্ত না করলে এই বাড়িতে টিকে থাকা কঠিন হবে। উত্তরে বাবার শেখানো মন্ত্র আওড়ে সোহিনী বলেন, 'বাবা বলতেন অবস্থা দেখে ব্যবস্থা করে নিতে হয়।'
বিগ বস-এর মঞ্চ থেকেই এদিন সোহিনী অকপটে স্বীকার করেন যে তার বাবার রাজনৈতিক জীবন ও বিতর্কের ছায়া তাঁর পরিবারের ওপর দিয়েও গেছে। সোহিনী সৌরভকে স্পষ্ট করে বলেন, 'বাবা অনেক ভালো কাজ করেছেন, তা নিয়ে কোনও দ্বিমত নেই। কিছু ভুলও করেছেন এবং তার প্রায়শ্চিত্তও করেছেন।' এরপরই সোহিনী যোগ করেন, 'আমি তাপস পালের মেয়ে, এটা আমার পরিচয়ের একটা অংশ। কিন্তু আমি এখানে অতীত পাল্টাতে আসিনি, ভবিষ্যৎ সুন্দর করতে এসেছি। তাপস পালের মেয়ের বাইরেও আমার যে একটা আলাদা অস্তিত্ব আছে, সেটা জানাতে এসেছি। সকলের ঘরের মেয়ে হয়ে উঠতে চাই।'
সোহিনী ছাড়াও বিগ বসের ঘরে এন্ট্রি নিয়েছেন মনামী ঘোষ, নন্দিনী দত্ত, ভরত কল, ঝিলাম গুপ্ত, দুর্নিবার সাহা, সৃজলা গুহ, সায়ক চক্রবর্তী, নিরঞ্জন মণ্ডল, দিব্যেন্দু বিশ্বাস, জয়িতা, তনুশ্রী রায় দাস, অনিন্দ্য সেনগুপ্ত, সোনামণি সাহা। সব মিলিয়ে সোমবার থেকে জমে উঠবে বিগ বস বাংলার ঘর।