
'ধূমকেতু' ছবির পর দেব-শুভশ্রীর আবার বড়পর্দায় ফেরা স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। চলতি বছরের গোড়াতেই দেব ও শুভশ্রী দেশু৭ ছবির ঘোষণা করেন এবং প্রথমদিনেই ফার্স্ট শোয়ের টিকিট আগাম বিক্রিও হয়ে যায়। প্রাক্তন এই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার জন্য দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সদ্য দেশু৭ ছবির শ্যুটিং শেষ হয়েছে। আর ছবির ব়্যাপ আপ পার্টিতে এসে দেব ফাঁস করলেন রাত ২টোর সময় তিনি তাঁর প্রাক্তন প্রেমিকা শুভশ্রীকে ফোন করেছিলেন।
অনস্ক্রিন হোক কিংবা অফস্ক্রিন, দেব-শুভশ্রী মানেই হিট জুটি। একটা সময় তাঁদের রোম্যান্সের খবর জানতেন না টলিউডে এমন মানুষ খুবই কম। দেব-শুভশ্রীর সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রিতে ওপেন সিক্রেট। কিন্তু তা পরিণতি পাওয়ার আগেই সম্পর্ক ভেঙে যায়। দেব-শুভশ্রীর জুটিতে শেষ ছবি ছিল ধূমকেতু, যা বহু বছর পর মুক্তি পায়। আর এই ছবির জন্যই আবার এক হয় প্রাক্তন এই জুটি। ধূমকেতুর পর দেশু৭-এ আবারও এই জুটিকে দেখা যাবে। ইতিমধ্যেই শ্যুটিংয়ের ঝলক ও পোস্টার সামনে এসেছে। আর শ্যুটিং শেষ হতেই, ব়্যাপ আপ পার্টিতে দেব অকপটে জানালেন তিনি রাত দুটোর সময় শুভশ্রীকে ফোন করেছিলেন।
দেশু৭-এর স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেতা-পরিচালক দেব বলেন, ৩১ ডিসেম্বরের রাত ছিল। আমার কাছে শুভশ্রীর নম্বরও ছিল না সেই সময়। আমি আমার ম্যানেজারের কাছে ওর নম্বর চাই, দেখলাম ওর কাছে শুভশ্রীর নম্বর সেভ করা রয়েছে। রাত ২টোর সময় শুভশ্রীকে ফোনটা করেছিলাম। দেবের ম্যানেজারও খুব অবাক হয়েছিলেন, কেন এত রাতে দেব নায়িকার নম্বর চাইছেন। এরপর দেব বলেন, ‘তারপর সেই দিন থেকে আজকে, এই জার্নিতে সব ভালো ভালো আর ভালোই হয়ে গেছে, সব শুভ আর শুভ আর শুভই হয়ে গেছে’। আর এটা সকলেই জানেন যে দেব শুভশ্রীকে শুভ বলেই ডাকেন এবং নায়িকা ইন্ডাস্ট্রিতে শুভ নামেই পরিচিত।
প্রসঙ্গত, ধূমকেতু মুক্তির পর দেব ও শুভশ্রীর মধ্যে সামান্য মান-অভিমান দেখা গিয়েছিল। কিন্তু সেইসব এখন অতীত। দেশু৭ যাতে সুপারহিট হয়, তার জন্য দেব-শুভশ্রী মরিয়া হয়ে উঠেছেন। এমনিতেই তাঁদের জুটি পর্দায় ভীষণভাবে হিট। দর্শকেরাও তাঁদের বারংবার পর্দায় দেখতে চায়। অতীতের ব্যক্তিগত সম্পর্ক পেরিয়ে এসে আজ দু’জনেই যাঁর যাঁর জীবনে প্রতিষ্ঠিত। তবে দেব-শুভশ্রী জুটি আজও টালিগঞ্জের দর্শক ও ভক্তদের হৃদয়ে আলাদা এক নস্টালজিয়া তৈরি করে।