
কাজের ব্যস্ততা যতই হোক না কেন, পরিবারকে সময় দিতে একেবারেই ভোলেন না বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার দেব। দেশু৭-এর শ্য়ুটিং শেষ হতেই পরিবারকে সঙ্গে নিয়ে ছোট্ট ট্রিপে চলে গেলেন দেব। তবে এবারে আর বিদেশে নয়, ঘরের কাছেই ইছামতী নদীর ধারে মা-বাবা ও বোনকে নিয়ে ঘুরতে গেলেন দেব। সেই ছবি শেয়ার করতেই ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে ট্রোলের মুখে পড়তে হল সাংসদ দেবকে।
পরিবারের সঙ্গে দেব
কাজের ব্যস্ততা যতই থাক, পরিবারের অগ্রাধিকার সবার আগে, তা বারংবার দেব প্রমাণ করেছেন। পুজো-পার্বণ হোক কিংবা কোনও বড় উৎসব, দেব বাড়িতে থাকতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মা-বাবা, বোন ও পোষ্যদের নিয়ে দেবের পরিবার। এই বছর দেশু৭, বাইক অ্যাম্বুল্যান্স দাদা, তার সঙ্গে ভোটের প্রচার, বার বার দিল্লি যাওয়া, সব মিলিয়ে দেব দম ফেলার ফুরসৎ পাননি। উপরন্তু কিছুদিন পর থেকেই শুরু হয়ে যাবে দেশু৭-এর জোরদার প্রচার, যা চলবে পুরো পুজো পর্যন্ত। আর তাই একটু সময় পেতেই পরিবারকে নিয়ে টাকিতে চলে এসেছেন সুপারস্টার।
ট্রোলড সাংসদ দেব
দেব যে ছবিগুলো পোস্ট করেছেন তাতে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়েই পরিবারকে সঙ্গে নিয়ে ছবি তুলেছেন। কখনও আবার মা ও বোনের সঙ্গে, কখনও বা শুধুই মাকে জড়িয়ে ছবি তুলেছেন দেব। দেব সর্বদাই মায়ের খুব কাছের। তাই মাকে নিয়ে আলাদা করে ছবি তুলতে কোনওদিনই ভোলেন না। তবে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েও ঘাটাল নিয়ে নেটিজেনের একাংশ দেবকে কথা শোনাতে ছাড়লেন না। একজন লিখলেন, দাদা...ঘাটাল জলে মানে বন্যায় ডুবছে যে। NCPI MP হিসাবে কিছু করুন। আবার আর একজন লিখলেন, উনি বিন্দাস আছেন, আর ঘাটালের মানুষেরা জলে ডুবে মরছে। যাই হোক উনি মহানায়ক। তবে এসবের মাঝে রুক্মিণীকে নিয়েও উঠল প্রশ্ন। কেউ লিখলেন, জুলাইয়ের পর আর রুক্মিণীকে দেখা যায়নি দেবের সঙ্গে। আবার কেউ বা লিখলেন, দাদা ম্যাডামকে দেখছি না? কেউ দেবের মাকে উদ্দেশ্য করে লিখলেন, কাকিমা এবার দেবদার বিয়ে দাও।
দেশু৭ নিয়ে ব্যস্ত দেব
দেব এই ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তাই.…’। প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেব পরিচালিত এবং অভিনীত ছবি ‘দেশু ৭’ - এর অফিশিয়াল টিজার। বহু বছর পর এই ছবিতে আবার শুভশ্রীর সঙ্গে দেবকে অভিনয় করতে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে। অন্যদিকে খুব সম্ভবত ডিসেম্বরে মুক্তি পাবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’।