
ঈশ্বরে বিশ্বাস করেন না, এমন মানুষ খুব কমই রয়েছেন। সাধারণ মানুষের পাশাপাশি একাধিক টলিউড তারকা আধ্যাত্মিকতায় বিশ্বাসী। দেব থেকে শুরু করে রাজ-শুভশ্রী, মিমি, শ্রাবন্তী এঁরা সকলেই ঈশ্বরের প্রতি গভীর নিষ্ঠা রেখেছেন। এঁরা প্রত্যেকেই নির্দিষ্ট ঈশ্বরকে মেনে চলেন। তাই ছবির শ্য়ুটিং শুরু হওয়ার আগে কিবং ছবি মুক্তির আগে নিজেদের আরাধ্য দেবতার কাছে ছুটে যান। আসুন দেখে নেওয়া যাক কোন তারকা কোন ঈশ্বরে বিশ্বাসী।
দেব
টলিউডের একমাত্র হিরো দেব ভীষণভাবে আধ্যাত্মিক। তবে দেব নারী শক্তিতে বিশ্বাসী। বড়মার মন্দিরে তাঁকে পুজো দিতে একাধিকবার দেখা গিয়েছে। এছাড়াও রঘু ডাকাতের প্রচারের সময় দেব সহ গোটা টিম সেবক কালীবাড়িতেও পুজো দেন। তবে দেব বাড়িতে গণেশ পুজো করে থাকেন প্রতি বছর।
ঋতুপর্ণা সেনগুপ্ত
অভিনেত্রী হিসাবে ঋতুপর্ণা কারও চেয়ে কম যান না। তবে গৃহিনী হিসাবেও তিনি যথেষ্ট দক্ষ। বাড়িতে লক্ষ্মী, সরস্বতী পুজো করেন। আবার মা দুর্গার পুজোতেও সমানভাবে অংশ নেন। কলকাতায় থাকলে অঞ্জলি দেবেনই, আবার সবার সঙ্গে থেকে ভোগ খাবেন ও খাওয়াবেন ঋতুপর্ণা।
মিমি চক্রবর্তী
মিমি বরাবরই আধ্যাত্মিক। বাড়িতে পুজো-অর্চনা করে থাকেন। দুর্গাপুজোর সময় তাঁকে তাঁর আবাসনের পুজোতেই মেতে থাকতে দেখা যায়। অঞ্জলি থেকে পুজোর কাজ সবটাই একা হাতে করেন নায়িকা। তবে মিমি শিবের খুব বড় ভক্ত। শিবরাত্রি হোক কিংবা শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা, সবটা করেন ভীষণ নিষ্ঠা সহকারে। হাতেও রয়েছে নটরাজের ট্যাটু। এছাড়াও মিমি জগন্নাথ দেবেরও ভক্ত। বাড়িতে পুজো যেমন করেন তেমনি সময় পেলে পুরীতেও যান নায়িকা।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়
শ্রাবন্তীকে একাধিকবার বলতে শোনা গিয়েছে যে তিনি কৃষ্ণের পরম ভক্ত। তাঁর গোটা পরিবারই শ্রী কৃষ্ণের আরাধনা করে। নিজের আরবানার ফ্ল্যাটেও কৃষ্ণ পুজো করে থাকেন। দেবী চৌধুরাণি ছবির নায়িকা। নিজের ভ্যানিটি ব্যাগেও সবসময় কৃষ্ণমূর্তি সঙ্গে রাখেন।
রাজ-শুভশ্রী
বাড়িতে লক্ষ্মীপুজো, গণেশ পুজো, অন্নপূর্ণা পুজো করলেও রাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী তথা নায়িকা শুভশ্রী দুজনেই জগন্নাথ দেবের খুব বড় ভক্ত। বাড়িতে রথযাত্রার আগে জগন্নাথ দেবের স্নানযাত্রার পুজো যেমন হয় তেমনি মেয়ে ইয়ালিনির জন্মদিনেও দেখা গিয়েছিল জগন্নাথ দেবের পুষ্পাভিষেক করতেও। সময় পেলেই স্বামী-স্ত্রী পুরীর জগন্নাথ দেবের কাছে ছোটেন। রাজ ও শুভশ্রী দুজনেই তাঁদের সফলতার পিছনে জগন্নাথ দেবের আশীর্বাদ রয়েছে বলেই মনে করেন।
সৌমিতৃষা কুণ্ডু
টলিপাড়ার পরিচিত মুখ সৌমিতৃষা কৃষ্ণপ্রেমে মগ্ন, এ কথা সকলেই জানেন। নিজের জন্মদিনও তিনি বৃন্দাবনে গিয়ে পালন করে থাকেন। সৌমিতৃষা একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি কতটা কৃষ্ণভক্ত। প্রতি বছরই তিনি মথুরা-বৃন্দাবন যান।
অপরাজিতা আঢ্য
অপরাজিতার বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজো খুবই জনপ্রিয়। অভিনেত্রী লক্ষ্মীপুজো নিজের হাতে করে থাকেন। ভোগ রান্না থেকে শুরু করে ঠাকুর সাজানো সবটাই একা হাতে করেন অভিনেত্রী। যদিও তিনি নিজে শিবের বড় ভক্ত। প্রতি বছর তিনি কর্নাটকের ইশা আশ্রমে গিয়ে শিবের আরাধনায় মত্ত থাকেন। তাঁর সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও রয়েছে।
সায়নী ঘোষ
শিবলিঙ্গে কন্ডোম পরানো বিতর্ক থাকলেও তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ ঈশ্বরে বিশ্বাসী। মাঝে কোলে নাড়ু গোপালকে নিয়ে ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। তবে তিনি সব ধর্মকেই সমানভাবে সম্মান দিয়ে থাকেন। শিবপুজো যেমন করেন তেমনি তাঁকে হনুমান চল্লিসা পড়তেও দেখা গিয়েছিল।