
বেশ কয়েকদিন ধরেই বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন করে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেব বনাম জিৎ। গত ১৪ অগাস্ট জিতের বহু প্রতীক্ষিত ছবি 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' মুক্তি পেয়েছে। আর এইদিনেই মুক্তি পাওয়ার কথা ছিল দেবের 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'। কিন্তু হঠাৎ করেই দেব ঘোষণা করেন যে ১৪ অগাস্ট তাঁর সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে নির্দিষ্ট দিনেই জিতের ছবি মুক্তি পায় এবং বক্স অফিসে ভালই সাড়া ফেলেছে সুপারস্টারের এই সিনেমা। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেব-জিতের ফ্যান-ফলোয়ার্সদের ঝগড়া-অশান্তি একেবারে তুঙ্গে। সম্প্রতি জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে দেবের এক ফ্যানপেজের তরফে কটাক্ষ করা হলে, কড়া হাতে তা দমন করতে ময়দানে নামেন স্বয়ং দেব।
জিতের ছবি নিয়ে কী পোস্ট করেছিল দেবের ফ্যানপেজ
সম্প্রতি দেবের এক ফ্যান পেজের পোস্টে জিতের নতুন ছবির প্রথম সপ্তাহের টিকিট ও বক্স অফিসের নম্বর নিয়ে কড়া নেগেটিভ রিভিউ ও কটাক্ষ করা হয়। পোস্টে লেখা হয়েছিল— ‘১ম সপ্তাহে নাকি অন্যতম সর্বোচ্চ ফুটফল! ভণ্ডামি শেষ পর্যায়ে যাকে বলে…অপেক্ষা করছি শনি-রবিবার আরও কী বড় ঢপ সামনে আসে!ছবি ভালো হতে পারে কিন্তু বক্স অফিস কালেকশন অতটা নেই, বানিয়ে বলছে…'। এই পোস্ট সামনে আসতেই দেবের এক আনঅফিশিয়াল পেজ থেকে ওই ফ্যানপেজকে কড়া বার্তা দেওয়া হল।
কী বার্তা দেওয়া হল দেবের পেজ থেকে
জিৎ সম্পর্কে এমন পোস্ট সামনে আসতেই চুপ থাকেনি দেবের ওই পেজটি। সেখান থেকে দেবের ওই ফ্যান পেজকে উদ্দেশ্য করে লেখা হয়, ‘ওর বিরুদ্ধে সব কিছু এখনই মুছে ফেল। উনি আমার বড় দাদা।’ এরপর দেব ট্রোল না করে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে জিত-এর ‘KBBKBD’ দেখার আহ্বান জানান দেব। তিনি জানান, ‘নিজেরাও সিনেমা হলে গিয়ে ছবিটা দেখো এবং অন্যদেরও দেখতে বলো। আমি নিজেও আগামী সপ্তাহে সিনেমাটা দেখতে যাচ্ছি।’ শুধু তাই নয়, ওই জিতের পোস্টের কমেন্টে গিয়েও দেবের ওই পেজ থেকে লেখা হয়, সবাইকে অনুরোধ করছি এগুলো বন্ধ করার জন্য। জিৎ আমার বড় দাদার মতো, আমরা একই ইন্ডাস্ট্রিতে রয়েছে। তবে এটা আদৌও দেব নিজে পোস্ট করেছেন কিনা, সেটা জানা যায়নি। তবে টলিউডে সুস্থ বিনোদন পরিবেশ গড়ে তুলতে এবং কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে দেবের এই স্বতঃস্ফূর্ত ভূমিকা প্রশংসিত হচ্ছে সর্বত্র।
দেব বনাম জিৎ
দেব এখন এই মুহূর্তে দেশু৭ নিয়ে ব্যস্ত। বুধবারই দেব-শুভশ্রীর দেশু৭-এর শ্যুটিং শেষ হয়েছে। এই ছবি ঘিরে প্রথম থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ছিল। পুজোর সময় এই ছবি মুক্তি পাবে। অপরদিকে, প্রায় ২ বছর পর বড়পর্দায় ফিরেছেন জিৎ। তাঁর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুক্তি নিয়ে জটিলতা থাকলেও পরে তা কেটে যায়। ইন্ডাস্ট্রিতে দেব ও জিৎ একে-অপরের প্রতিদ্বন্দ্বী। কেউ কারোর ছবির প্রিমিয়ারেও আসেন না। এমনকী দেবের দাদাগিরিতে জিৎ-এর আসার কথা থাকলেও, শেষ মুহূর্তে আসেননি জিৎ।