
সৌরভ গঙ্গোপাধ্যায়ের 'দাদাগিরি' আর নয়। এবার দেবের 'দাদাগিরি'-তে মজবেন বাংলার আপামর দর্শকেরা। ৫ জুলাই, রবিবার থেকে শুরু হবে দেবের 'দাদাগিরি'। সৌরভ গঙ্গোপাধ্যায় যে দাদাগিরি করবেন না, তা অনেক আগে থেকেই জানা ছিল। কিন্তু নতুন 'দাদাগিরি'-তে সৌরভের জায়গায় কাকে নিয়ে আসা হবে, সেটা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষ সব জল্পনা শেষ করে 'দাদাগিরি'র দায়িত্ব নিজের কাঁধে নিলেন দেব। ৫ জুলাই, রবিবার গ্র্যান্ড ওপেনিং হবে 'দাদাগিরি'র। কখন দেখা যাবে এই শো এবং প্রথম দিন বিশেষ অতিথি হয়ে কারা আসছেন, দেখে নিন।
'দাদাগিরি সিজন ১১'
'দাদাগিরি' বাংলার অন্যতম জনপ্রিয় এবং আইকনিক রিয়্যালিটি গেম শো। 'দাদাগিরি সিজন ১১' -এর ট্যাগলাইন এবার 'নতুন বাংলার নতুন দাদাগিরি'। সেখানে বাংলার বিভিন্ন প্রান্তের কৃতি মানুষদের কথা, গল্প, জীবন সংগ্রাম তুলে ধরা হবে। তাঁদের অ্যাচিভমেন্টকে উদ্যাপন করা হবে। 'দাদাগিরি'র এবারের একটা লক্ষ্য, দর্শকদের অনুপ্রাণিত করা, এবং বাস্তবে ঘটা দুঃসাহসিক ঘটনা সকলের সামনে তুলে ধরা।
কখন দেখা যাবে আর অতিথি কারা?
আগামী ৫ জুলাই রাত ৯ থেকে সম্প্রচার শুরু হবে 'দাদাগিরি'র। 'দাদাগিরি' সিজন ১১ -এর প্রথম পর্বে অতিথি হয়ে আসবেন 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে দেব সঞ্চালিত শোয়ে অতিথি হিসেবে নজর কাড়বেন ফুটবলার সুনীল ছেত্রী, গায়ক শান, বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ, এবং শিল্পপতি, পদ্মশ্রী হর্ষবর্ধন নেওটিয়া।
কারা হচ্ছেন প্রতিযোগী?
প্রথম পর্বে প্রতিযোগী হিসাবে থাকবেন বাংলার কবীর খান, মহিলা মহিলা ফুটবলের জন্য নিরলস ভাবে কাজ করে চলা উত্তির দিনাজপুর চন্দন পাল, ১০ হাজার টাকা পুঁজি নিয়ে ১০০ কোটির ব্যবসা তৈরি করা অগ্নি মিত্র। তিনি খেলবেন হুগলির জন্য। এছাড়া নদীয়া জেলার হয়ে খেলবেন ৭১ বছরের বাণী রায় চৌধুরী, বীরভূম বিজ্ঞানী ডক্টর পূণ্যব্রত চক্রবর্তী এবং উত্তর ২৪ পরগনার কর্নেল পৃথ্বীরঞ্জন দাসকে।
থাকছে একাধিক চমক
এবারের নতুন দাদাগিরিতে দেবের সহকারীও থাকছে একজন। তবে তিনি কোনও মানুষ নন। বরং AI। মশাল জ্বালিয়ে এই সিজনের উদ্বোধন হবে। ফিয়ট গাড়ি চড়ে সেটে প্রবেশ করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান, দেবরা। 'দাদাগিরি'র প্রথম দিন হাজির থাকবেন 'দিদি নম্বর ওয়ান' স্বস্তিকা মুখার্জি। দেবের স্কুটিতে চড়ে কোন মুহূর্ত তৈরি করেন সেটাই দেখার! আসবেন 'লেডি সুপারস্টার' শুভশ্রী গাঙ্গুলি। দেবের সঙ্গে নাচের তালে মঞ্চ মাতাবেন। 'দাদাগিরি'তে এদিন গাড়ি নয়, স্কুটি চড়ে এন্ট্রি নেবেন দেব।